২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থলবন্দরে পণ্য খালাসে জটিলতা কাটানোর পথ খুঁজতে কমিটি

দেশের স্থলবন্দরগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য খালাসে জটিলতাগুলো চিহ্নিত এবং তা কাটাতে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2008, 10:22 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের স্থলবন্দরগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য খালাসে জটিলতাগুলো চিহ্নিত এবং তা কাটাতে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক আদেশে মঙ্গলবার এ কমিটি প্রকাশ করা হয়। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) এটিএম মোস্তফা কামালকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য রয়েছেন- বাণিজ্য মন্ত্রণালয়ের উপ সচিব বিকাশ চন্দ্র সাহা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব নূর মোহাম্মদ মাহবুবুল হক, বিডিআর মহাপরিচালকের প্রতিনিধি এবং ঢাকার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা। কমিটি ইতোমধ্যে কাজ শুরু করেছে বলে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, কমিটি দেশের স্থলবন্দরগুলো পরিদর্শন করে আমদানিকৃত নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুততার সঙ্গে খালাসে কোনও সমস্যা আছে কিনা, সব বন্দরের সমস্যা এক রকম কিনা, বন্দরে যুক্তিসঙ্গত ফি বা কর আদায় করা হচ্ছে কিনা- তা খতিয়ে দেখবে। একই সঙ্গে রোজার সময় আমদানি করা নিত্য প্রয়োজনীয় বিশেষ করে দ্রুত পচনশীল পণ্য দ্রুত খালাস করার সমস্যা চিহ্নিত করে এর সমাধানে কমিটি সুপারিশ পেশ করবে। গত ২৭ জুলাই বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে এক সভায় রোজার সময় আমদানি করা নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রুত খালাস করার ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে তার সমাধানে এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫১৪ ঘ.