২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিজয়ী লিটন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন। তালা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পান ৮৮ হাজার ৩৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবদলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের (বাঘ) প্রাপ্ত ভোট ৭৪ হাজার ৫৫০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 11:46 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

রাজশাহী, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী খায়রুজ্জামান লিটন। তালা প্রতীক নিয়ে নির্বাচন করে তিনি পান ৮৮ হাজার ৩৬০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী যুবদলের মহানগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের (বাঘ) প্রাপ্ত ভোট ৭৪ হাজার ৫৫০। রাজশাহীর উপ নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ মুসা মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে বেসরকারি ফল ঘোষণা করেন। তিনি জানান, রাজশাহী সিটি নির্বাচনে মোট ২ লাখ ৫৮ হাজার ৭৫৯ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে বৈধ বিবেচিত হয়েছে ২ লাখ ৯ হাজার ১০টি ভোট। সবগুলো কেন্দ্রের ফল ঘোষণার আগেই রাত ৩টার দিকে নাগরিক কমিটি লিটনকে বিজয়ী ঘোষণা করে বিজয় মিছিল করে। নাগরিক কমিটির নেতারা তখন জানিয়েছিলেন, মোট ১২৯টি কেন্দ্রের মধ্যে ১২৭টি আসনের ফল তাদের কাছে রয়েছে। এর মধ্যে লিটন পেয়েছেন ৯৫ হাজার ৯৪৫ ভোট। বুলবুল পেয়েছেন ৭১ হাজার ৮৮৪ ভোট। ভোটের ব্যবধান ২৪ হাজার ৬১। নাগরিক কমিটির নেতা কামরুজ্জামান খান বলেন, "বাকি দুটি কেন্দ্রে মোট ভোটার প্রায় পাঁচ হাজার। সুতরাং সব ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী পেলেও লিটন জয়লাভ করবেন।" বিজয় মিছিলের আগে খায়রুজ্জামান লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি বেশ কটি প্রতিশ্রি"তি দিয়েছি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহীতে গ্যাস সরবরাহ করা। সবার আগে এটি পূরণের জন্য কাজ করব।" এর আগে সন্ধ্যা ৬টার দিক থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটগণনা শুরু হয়। নির্বাচন কমিশন কর্মকর্তারা বলছেন, ৭৫ থেকে ৮০ ভাগ ভোটার স্থানীয় পর্যায়ের এ নির্বাচনে ভোট দিয়েছে। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিকেলে ৪টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শেষ হয়। তবে এ সময়ের মধ্যে কেন্দ্রে আসা সব ভোটারের ভোটগ্রহণ শেষ করতে আরো প্রায় একঘণ্টা সময় লেগেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে দিনের শুরুতে রাজশাহীর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দীর্ঘ হতে থাকে। ক্রমিক নম্বর বিভ্রাটের কারণে ভোট গ্রহণে কিছুটা দেরি হয় বলে অভিযোগ করেছেন বিভিন্ন প্রার্থী। কাজলা কেডি ক্লাব কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালের দিকে ভোটারের সংখ্যা কম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বেড়ে যায়।" কাজলা কেডি ক্লাব কেন্দ্রে ভোট দিতে এসে ব্যাংকার কামরুজ্জামান খান বলেন, "টিভিতে বলেছে, ভোট দেওয়ার জন্য আইডি কার্ডের দরকার নেই। কিন্তু এখানে এসে দেখছি উল্টো পরিস্থিতি। এখানে পোলিং এজেন্টরা ভোটার ক্রমিক নং খোঁজার নাম করে দেরি করাচ্ছেন। কিন্তু সরাসরি বলছে না, যে চলে যান।" এ কেন্দ্রে ব্যবসায়ী মো. মনিরুজ্জামানও একই অভিযোগ করেন। তিনি বলেন, "ক্রমিক নং খুঁজে বের করতেই দেড় ঘণ্টা সময় লেগেছে।" সকাল সাড়ে ৯টার দিকে উপশহর স্যাটেলাইট স্কুল কেন্দ্রে ভোট দেন খায়রুজ্জামান লিটন ও মোসাদ্দেক হোসেন বুলবুল। লিটন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ব্যালট পেপার খুব পাতলা কাগজ ব্যবহার হচ্ছে। ফলে উল্টো দিকেও ছাপ পড়ছে। এতে অনেক বাতিল হয়ে যেতে পারে।" সার্বিক অবস্থা নিয়ে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা রেজাউন নবী সকাল ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত নির্বাচন ভালোভাবেই হচ্ছে বলে মনে হচ্ছে। তবে ভোট গ্রহণে দেরি হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এসএনডি/০৫৪০ ঘ.