২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ক্রমিক নম্বর জটিলতায় ভোটগ্রহণে ছন্দপতন

প্রবল বৃষ্টির মধ্যে ঠিক ৮টায় ভোট গ্রহণ শুরু হলেও ভোটার ক্রমিক নম্বর নিয়ে জটিলতায় সিলেট সিটি করপোরেশনে সকালে ভোট গ্রহণের গতি ছিল অত্যন্ত ধীর। পরে বিভিন্ন স্থানে কেন্দ্রের বাইরে প্রার্থীদের এজেন্টদের ক্যাম্প থেকে ভোটার ক্রমিক নম্বর সরবরাহ শুরু হলে ভোট গ্রহণের গতিও বাড়তে শুরু করে। সিলেট থেকে জানাচ্ছেন রিয়াজুল বাশার ও মুক্তাদির আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2008, 09:40 AM

Updated : 26 Aug 2022, 02:12 PM

রিয়াজুল বাশার ও মুক্তাদির আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিলেট, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবল বৃষ্টির মধ্যে ঠিক ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও ভোটার ক্রমিক নম্বর নিয়ে জটিলতায় সিলেট সিটি করপোরেশনে সকালে ভোট গ্রহণের গতি ছিল অত্যন্ত ধীর। পরে বিভিন্ন স্থানে কেন্দ্রের বাইরে প্রার্থীদের এজেন্টদের ক্যাম্প থেকে ভোটার ক্রমিক নম্বর সরবরাহ শুরু হলে ভোট গ্রহণের গতিও বাড়তে শুরু করে। সিলেট বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার ও সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা খোন্দকার মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টা সিলেটের কেন্দ্রগুলোতে ২৫ থেকে ৩০ শতাংশ ভোট পড়েছে। সিলেটে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে কেন্দ্রগুলোতে জড়ো হন ভোটাররা। ঝিরঝির বৃষ্টির মধ্যেই তারা ছাতা মাথায় নিয়ে লাইনে দাঁড়ান। কিন্তু কেন্দ্রগুলোতে ভোটার ক্রমিক নম্বর চাওয়া হলে বিপাকে পড়েন তারা। জাতীয় পরিচয়পত্রে ক্রমিক না থাকায় অনেকেই কেন্দ্র থেকে ফিরে যান। অনেক স্থানে আবার জাতীয় পরিচয়পত্রের সঙ্গে ছবি মিলিয়ে ভোটার ক্রমিক নম্বর বের করতে গিয়ে ভোট গ্রহণে দেরি হয়। পাইলট হাইস্কুলে কেন্দ্রে ভোট দিতে না পেরে বেরিয়ে আসার সময় হনুফা খাতুন নামে এক ভোটার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আইডি কার্ড দেখিয়েও ভোট দিতে পারিনি। আমার কাছে ভোটার ক্রমিক নম্বর চেয়েছে। কিন্তু আমি তো কোনও ক্রমিক নম্বর পাইনি।" একই অভিযোগ করেছেন পেয়ারা খাতুন, মনোয়ারা বেগম, মরিয়ম বেগম, শওকত চৌধুরীসহ অনেকেই। পরে বিভিন্ন স্থানে কেন্দ্রের বাইরে প্রার্থীদের এজেন্টরা ক্যাম্প বসিয়ে ভোটার ক্রমিক নম্বর দেওয়া শুরু করে। ভোটাররা সেখান থেকে ক্রমিক নম্বর নিয়ে ভোট কেন্দ্রে ঢুকেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট গ্রহণের গতিও বাড়তে থাকে। উপ-নির্বাচন কমিশনার খোন্দকার মিজানুর রহমান বলেন, "আইডি কার্ডের ছবি মিলিয়ে ভোট নিতে গিয়ে একটু দেরি হয়েছে। তবে চারটার মধ্যে যারা ভোট কেন্দ্রে আসবেন তাদের সবারই ভোট নেওয়া হবে।" ভোটারদের ক্রমিক নম্বর সরবরাহ করার বিষয়ে জানতে চাইলে ১৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জামাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভোটার ক্রমিক নম্বর দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের তো এটা দিতে বলা হয়নি।" অন্যদিকে উপ-নির্বাচন কমিশনার মিজানুর রহমান বলেন, "প্রার্থীরাই এ নম্বর দিয়ে থাকেন। আমরা তো ভোটার তালিকার সিডি প্রার্থীদের দিয়েছি। তাদের বলা হয়েছে, ক্রমিক নম্বর ভোটারদের সরবরাহ করতে।" ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কুমার গণেশ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদেরকে ভোটার তালিকা দেওয়া হয়েছে। কিন্তু ভোটারদের ক্রমিক নম্বর সরবরাহ করার কোনও কথা বলা হয়নি।" মেয়র প্রার্থী আফম কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা কিছু কিছু ভোটারদের ক্রমিক নম্বর সরবরাহ করেছি।" সকাল ৯টার দিকে নগরীর মীরাবাজার জামেয়া ইসলামিয়া বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মেয়র প্রার্থী ও বিএনপি নেতা এম এ হক। বিএনপির অপর নেতা মেয়র প্রার্থী আফম কামাল ভোট দেন কিশোরীমোহন বালিকা বিদ্যালয় কেন্দ্রে। সিলেট বিভাগীয় কমিশনার জাফর আহমেদ খান সকালে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/আরএ/জেকে/১৫২০ ঘ.