ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পুরান ঢাকার একটি বাড়িতে রোববার মধ্যরাতে আগুনে একই পরিবারের দুই শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরেকজন।
আগা সাদেক রোডের পাঁচতলা বাড়িটির নিচের তলায় একটি জুতার কারখানা থেকে আগুনের সূত্রপাত হযেছে বলে মনে করছে এলাকাবাসী। প্রথম প্রতিবেদনে দমকল বাহিনীকে উদ্বৃত করে নিহতের সংখ্যা ১০ জানানো হয়েছিল।
অগ্নিকাণ্ডে নিহতরা হলেন, শাবানা সিদ্দিকী (৪০) তার মেয়ে আয়শা সিদ্দিকা মুমু (১৫), ছেলে আবু সাঈদ শুভ (১২), শাবানা সিদ্দিকীর খালু আকমল হোসেন (৪৫), আনাছ হোসেন (৬), তাদের খালাত ভাই রাফিন (৭), নানী মেহেরুন্নেসা (৬৫) এবং কাজের মেয়ে হামিসা (১৮) ও অজ্ঞাতনামা মহিলা। আকমলের বড় ছেলে আমান হোসেনকে খুঁজে পাওয়া যায়নি।
অগ্নিকান্ডে বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে গোলাম রাব্বানী (৪২), মানিক (৪৫), আজিজুল (৬৫), সোহাগ (২২), মুন্নী (১৭),রুমা (৩০) ও নুরুল ইসলাম (৫০) আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজের প্রাথমিক চিকিৎসা করা হয়। এর মধ্যে গোলাম রাব্বানীকে শ্যামলী ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।
কোতায়ালী জোনের পুলিশের সহকারি কমিশনার নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,'' নিহতদের লাশ সনাক্ত করা হয়েছে। একই পরিবারের সাতজনের লাশ আজিমপুরে দাফন করা হয়। বাকী দুজনের মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা আছে।"
প্রত্যক্ষদর্শীরা জানান, আগা সাদিক সড়কে ৫ তলা বাড়ির নিচের তলায় একটি জুতার কারখানা রয়েছে। সেই কারাখানায় রাতে এক কর্মচারি মোমবাতি জ্বালাতে গিয়ে জুতা বানানো স্পিরিটের মধ্যে আগুন থেকে এ ঘটনার সূত্রপাত হয়।
বাড়ির মালিক আবু বকর সিদ্দিকী সেমাই'র ব্যবসায়ী ছিলেন। তার স্ত্রী শাবানা সিদ্দিকী। দুই মাস আগে তিনি মারা যান। রোববারের ঘটনায় এ পরিবারের একমাত্র ছেলে শান্ত ছাড়া সকলেই অগ্নি দগ্ধ হয়ে মারা গেছেন। একই ভাবে তাসলীমা তার স্বামী আকমল হোসেন ও দুই ছেলেকে হারিয়েছেন। একই পরিবারের রাবেয়া আখতার ও স্বামী ফারুক হোসেন তার একমাত্র ছোট ছেলে রাফিনকে হারিয়ে কান্না করছেন। মৃত আকমল হোসেনের ভগ্নিপতি মো. সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য দেন।
প্রত্যক্ষ দর্শীরা জানান, আগুন লাগার পর শান্ত দ্রুত তৃতীয় তলায় মাসহ বোনদের ঘুম থেকে তুলে ছাদে চলে যেতে বলে। কিন্তু আগুনের লেলিহান শিখা তাড়া করে সিড়িতেই ধরে ফেলে তাদের।
আগুনে মারা যাওয়া বাড়ির কাজের মেয়ে হামিসার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তার স্বামী নাম আফজাল মিয়া।
ঘটনার পর রোববার গভীর রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুর্ত্তজা অন্তু ঘটনাস্থলে ৯ টি লাশ দেখতে পেয়েছেন, যার মধ্যে দুটি শিশু।
লাশগুলো পুড়ে এতটাই বিকৃত হয়ে গিয়েছে, সেগুলো সনাক্ত করা কষ্টকর।
ওই বাড়ির মালিক মৃত আবু বকর সিদ্দিকীর ছেলে শান্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অগ্নিকাণ্ডের পর থেকে আমার মা-ভাই-বোনদের কোনও খোঁজ পাচ্ছি না।"
অগ্নিকাণ্ডের কারণ দমকল বাহিনী তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/এসএম/জিএনএ/১৬৫৮ ঘ.
bdnews24