২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে নতুন করে শ্রমিক আটক না করার নির্দেশ

নতুন করে উচ্ছৃঙ্খলতা বা সহিংসতায় লিপ্ত না হলে আর কোনো কর্মীকে আটক বা হয়রানি না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন করে উচ্ছৃঙ্খলতা বা সহিংসতায় লিপ্ত না হলে আর কোনো কর্মীকে আটক বা হয়রানি না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ। দেশটির শ্রম বিভাগ বাংলাদেশ দূতাবাসকে আশ্বস্ত করে বলেছে, যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের বকেয়া বেতন-ভাতা দূতাবাসের মাধ্যমে পরিশোধের ব্যবস্থা নেয়া হবে। সেখানকার ২৩টি কোম্পানির প্রায় ৮০ হাজার বাংলাদেশী কর্মী ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরেছে বলে জানিয়েছে কুয়েতের বাংলাদেশ দূতাবাস। রোববার সরকারের এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়। এতে বলা হয়, কুয়েতের বাংলাদেশ দূতাবাস আটক হওয়া বাংলাদেশী কর্মীদের মুক্তি এবং তাদের কাজে যোগ দেওয়ার সুযোগ নিশ্চিত করতে সে দেশের শ্রম বিভাগ (লেবার ডিপার্টমেন্ট) ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছে। দূতাবাসের অনুরোধের পরিপ্রেক্ষিতে উচ্ছৃঙ্খলতা বা সহিংসতায় লিপ্ত না হলে নতুন করে কাউকে আটক বা হয়রানি না করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে কুয়েতি কর্তৃপক্ষ। বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা কুয়েতে গত রোববার থেকে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এদের মধ্যে কেউ কেউ সারা মাস কাজ করে মাত্র ৮ দিনার (২ হাজার টাকার কিছু বেশি) পান বলে অভিযোগ আছে। ধর্মঘটী শ্রমিকদের মধ্যে কুয়েত পুলিশ কমপক্ষে ৮৫০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। দোষী সাব্যস্ত না হওয়ায় রোববার পর্যন্ত ৪০০ জনকে ছেড়ে দেওয়া হয়। এদিকে কুয়েত থেকে ফেরত পাটানো আরো ৫০ জন বাংলাদেশী রোববার দেশে পৌঁছেছেন। এর আগে শনিবার পর্যন্ত কুয়েত থেকে মোট ৩১৩ জন শ্রমিক ফেরত এসেছেন। কুয়েত পুলিশ বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি দেখে সহিংসতার জন্য দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষীদের দেশে ফেরত পাঠিয়ে ফেরত পাঠানোর বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে কুয়েত সরকার। তবে বাংলাদেশী শ্রমিকরা অভিযোগ করেছেন, দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নির্বিচারে গ্রেপ্তার করছে। দেশে ফেরত যাওয়ার জন্য তাদের ওপর নির্যাতন করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেকে/এমএইচবি/২১২৯ ঘ.