২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলা একাডেমিতে আর্ন্তজাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রর্দশনী শুরু

রাজধানীতে সপ্তাহব্যাপী আর্ন্তজাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রর্দশনী শুরু হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2008, 11:01 AM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে সপ্তাহব্যাপী আর্ন্তজাতিক আন্ত:বিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রর্দশনী শুরু হয়েছে। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশসহ ১৩টি দেশের ৪৭টি বিশ্ববিদ্যালয়ের তরুণ আলোকচিত্রীরা অংশ গ্রহণ করেছেন। ৮টি বিভাগে ২০১ জন শিক্ষার্থীর তোলা মোট আলোকচিত্রের সংখ্যা ৫০২ টি। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক, ঢাকা মেডিকেল কলেজসহ দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ের আলোকচিত্রীরা দেশের প্রকৃতি, নাগরিক জীবন, স্থাপত্য-নির্মাণ, শিশুশ্রম, নারীসহ বিভিন্ন বিষয়ের ছবি তুলেছেন। এছাড়া যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানী, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, মিশর, কানাডা ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আলোকচিত্র ঠাঁই পেয়েছে এ আন্তর্জাতিক প্রদর্শনীতে। সংস্কৃতি উপদেষ্টা রাশেদা কে চৌধুরী সকালে জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) উপাচার্য ড. হাফিজ জি এ সিদ্দিকী। এনএসইউ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ আউয়াল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে এনএসইউ ফটোগ্রাফি ক্লাবের সভাপতি মিনার হোসেন ও ফ্যাকাল্টি উপদেষ্টা শাহরিয়ার ই্কবাল রাজ স্বাগত বক্তব্য দেন। প্রদর্শিত আলোকচিত্রগুলো থেকে ৩৫টি ছবিকে বিভিন্ন বিভাগে পুরস্কৃত করা হয়। উদ্বোধনী দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা প্রদর্শনী দেখতে ভিড় করেন। অনেক দর্শক এ সৌখিন আলোকচিত্রীদের কাজ দেখে প্রশংসাসূচক মন্তব্য করেন। এ প্রদর্শনী ৯ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর অন্যতম মিডিয়া পার্টনার। >>পুরস্কার পাওয়া ছবি দেখুন আর্টস পাতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৬৫৩ঘ.