ঢাকা, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুয়েত থেকে আরো কমপক্ষে ৫০ জন বাংলাদেশী শ্রমিককে ফেরত পাঠানো হয়েছে।
রোববার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
নাজির হোসেন বলেন, "কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে সকাল সাড়ে আটটার দিকে কমপক্ষে ৫০ জন বাংলাদেশী ফেরত এসেছে।"
তিনি আরো বলেন, "নিয়মিত পাসপোর্টধারী কোন ব্যক্তিকে ফেরত পাঠানো হলে তিনি যদি বিমানবন্দরে কর্তব্যরত পুলিশের কাছে বিষয়টি না জানান তাহলে ঠিক কতজন বাংলাদেশী কুয়েত থেকে ফেরত এসেছে সে ব্যাপারে নিশ্চিত হওয়া পুলিশের পক্ষে সম্ভব নয়।"
এর আগে শনিবার পর্যন্ত কুয়েত থেকে মোট ৩১৩ জন শ্রমিক ফেরত এসেছেন।
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গত সপ্তাহে ধর্মঘটের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরে জড়িত সন্দেহে কুয়েত সরকার বাংলাদেশী শ্রমিকদের ফেরত পাঠানো শুরু করে। ওই শ্রমিকরা তাদের প্রতিশ্র"তির চেয়ে কম বেতনে কাজ করানোর প্রতিবাদ করছিলেন।
কুয়েত থেকে ফেরত আসা কুমিল্লার নাঙ্গলকোটের এক অধিবাসী বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের বলেন, "কুয়েত কর্তৃপক্ষ এখন আর কে দোষী কে নির্দোষ সেটা দেখছে না। বাংলাদেশী দেখলেই ধরে নিয়ে যাচ্ছে বহিষ্কার কেন্দ্রে। সেখানে কুয়েত পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের নির্যাতন করছে। খাবার ও পানি দিচ্ছে না। পরে এসব বাংলাদেশীকে ঢাকামুখী বিমানে করে পাঠিয়ে দেওয়া হচ্ছে।"
বাড়ি ফেরার মত টাকা পয়সা কাছে নেই বলেও এই হতভাগ্য প্রবাসফেরত জানান। ফেরত আসা রংপুরের শ্রমিক বুলুও একই কথা বলেন। ধরপাকড়ের সময় তাদের অনেককেই কোনো কিছুই সঙ্গে নিতে দেওয়া হয়নি।
বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা কুয়েতে গত রোববার থেকে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এদের মধ্যে কেউ কেউ সারা মাস কাজ করে মাত্র ৮ দিনার (২ হাজার টাকার কিছু বেশি) পান বলে অভিযোগ আছে।
ধর্মঘটী শ্রমিকদের মধ্যে কুয়েত পুলিশ কমপক্ষে ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করে। দোষী সাব্যস্ত না হওয়ায় এদের মধ্যে ৩০০ জনকে বুধবার ছেড়ে দেওয়া হয়।
কুয়েত পুলিশ বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি দেখে সহিংসতার জন্য দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। দোষীদের দেশে ফেরত পাঠিয়ে ফেরত পাঠানোর বিষয়ে অনড় অবস্থানের কথা জানিয়েছে কুয়েত সরকার।
তবে বাংলাদেশী শ্রমিকরা অভিযোগ করেছেন, দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নির্বিচারে গ্রেপ্তার করছে। দেশে ফেরত যাওয়ার জন্য তাদের ওপর নির্যাতন করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/এসকে/১১২৮ঘ.
bdnews24