ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে ছেলের দায়ের কোপে মা আবেদা বেগমের (৬২) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। স্বজনরা বলছেন, ছেলে শাহ আলম (২৮) মানসিকভাবে অসুস্থ।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তর পীরেরবাগের ৪ নম্বর বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের বোনের ছেলে মো. ফারুক জানান, ঘটনার সময় লোডশেডিং চলছিল। আধো অন্ধকারের মধ্যে শাহ আলম তার মা'কে ধারালো দা দিয়ে কোপ দেয়। স্বজনরা আবেদা বেগমকে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখান থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, আবেদা বেগম মারা গেছেন।
ফারুক বলেন, "শাহ আলম মানসিকভাবে অসুস্থ। ঘটনার পরপরই তাকে বাসার একটি ঘরে আটকে রাখা হয়েছে। তবে কেন সে এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা জানতে পারিনি।"
আবেদা বেগমের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিরপুর থানার উপ পরিদর্শক শহীদুল ইসলাম বলেন, "এখনো এ ব্যাপারে কোনো অভিযোগ করা হয়নি। তবে আমরা খবর পেয়েছি, ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০০৫ ঘ.
bdnews24