ফরিদপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-খুলনা মহাসড়কে সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাস বৃহস্পতিবার রাতে রাস্তার পাশের খাদে পড়ে দুই জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। বাসটি সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিল।
ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় রাত ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।
নিহতরা হলেন- বাসের সুপারভাইজার ফজলুল হক (৪০) এবং হেলপার আমিনুর রহমান (২৮)। ফজলুল হকের বাড়ি ঝালকাঠি জেলার নূরুল্লাহপুরে এবং আমিনুরের বাড়ি যশোরের রামনগর গ্রামে।
আহতরা সবাই বাসযাত্রী। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সোহাগ পরিবহনের বাসটি সাতক্ষীরা থেকে ঢাকা যাচ্ছিল। শিবরামপুর এলাকায় রাস্তায় দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের সুপারভাইজার ও হেলপার ঘটনাস্থলেই মারা যায়।"
কেতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৬ ঘ.
bdnews24