২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ সদস্যদের তথ্য নিয়ে ডেটাবেজ উদ্বোধন

পুলিশ সদস্যদের বিস্তারিত তথ্য নিয়ে বৃহস্পতিবার একটি ডেটাবেজ চালু করেছে বাংলাদেশ পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2008, 06:28 PM

Updated : 26 Aug 2022, 02:11 PM

ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশ সদস্যদের বিস্তারিত তথ্য নিয়ে বৃহস্পতিবার একটি ডেটাবেজ চালু করেছে বাংলাদেশ পুলিশ। ১ লাখ ২৩ হাজার পুলিশ সদস্যদের মধ্যে ইতোমধ্যে ৮৫ হাজারের তথ্য এই ডেটাবেজে সংরক্ষণ করা হয়েছে। বাকি তথ্য সংরক্ষণের কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে 'পার্সোনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম' (পিআইএমএস) নামে এ ডেটাবেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মহাপরিদর্শক বলেন, "পুলিশ বাহিনীর আধুনিকায়নে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সুষ্ঠু মানব সম্পদ ব্যবস্থাপনা এবং ভবিষ্যতে পুলিশের নিয়োগ ও সাংগঠনিক কাঠামো সংস্কারের ক্ষেত্রে এটি সহায়ক হবে।" ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ এই ডেটাবেজের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন পুলিশ সদস্যের জন্ম তারিখ, নিয়োগের তারিখ, পদবি, বদলি, পদোন্নতি, পুরস্কার বা শাস্তি, বিশেষ প্রশিক্ষণ ও বিদেশ ভ্রমণসহ সব ধরনের তথ্য থাকবে এতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/১১৪৬ ঘ.