রাজবাড়ী, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সব কাজে স্বচ্ছতা থাকলে দেশে দুর্নীতি অনেক কমে যাবে বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।
তিনি বলেন, "স্বেচ্ছায় স্বউদ্যোগে- নিজের প্রচেষ্টা ছাড়া কোনো পরিবর্তন আসবে না। সব কাজ যদি স্বচ্ছ থাকে তাহলে দেশে দুর্নীতি অনেক কমে আসবে। আমরা যদি সবাই এই বাতাবরণ সৃষ্টি করতে পারি তাহলে সমাজ থেকে একদিন দুর্নীতি অবশ্যই দূর হবে।"
বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'দুর্নীতি প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ সম্পর্কিত মতবিনিময় সভায় হাসান মশহুদ এ কথা বলেন।
তিনি বলেন, "দুর্নীতি প্রতিরোধে যে সংগ্রাম শুরু হয়েছে তাতে সবাইকে একত্রিত হয়ে কাজ করে যেতে হবে। দুর্নীতিকে শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। দুর্নীতি বিরোধী আন্দোলনে যখন কোনো রকম স্বার্থ ছাড়াই অংশ নেওয়া হবে তখনই সার্থক হবে এ অভিযান।"
দুদক চেয়ারম্যান বলেন, "সুবুদ্ধি, সুচিন্তা মানুষকে ভালো থাকার প্রেরণা দেয়- এ ধারণা যারা পোষণ করেন, তারা কখনও অন্যায় ও অবৈধ কাজ করতে পারে না। আর এ প্রচেষ্টায় অন্যকে উৎসাহিত করতে পারলে দুর্নীতির প্রকট দিক সামলানোর প্রচেষ্টা আশা করি ব্যর্থ হবে না।"
রাজবাড়ীর জেলা প্রশাসক মুহম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জেলা পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এর আগে সকালে হাসান মশহুদ চৌধুরী রাজবাড়ীর পরিবেশ সংগঠন 'অরণি' ও সাহিত্য সাংস্কৃতিক সংগঠন 'মুক্তি পাঠ চক্রে'র যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে লিখন পঠন কর্মশালা উদ্বোধন করেন। কর্মশালায় ভারতীয় কবি মৃনাল বসু চৌধুরী ও আবু হাসান শাহরিয়ারের কথোপকথনমূলক 'নৈঃশব্দের ডাকঘর' বইয়ের পাঠোন্মোচন করেন।
সংগঠনের সহ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে কবি আবু হাসান শাহরিয়ার, অতিথি কবি সার্ক পোয়েট্রি ফেস্টিভ্যালের সাধারণ সম্পাদক ভারতের মৃণাল বসু চৌধুরী, পশ্চিম বাংলার লেখক শচীন দাসসহ দেশের বরেণ্য কবি সাহিত্যিকরা বক্তব্য রাখেন।
এছাড়া দুদক চেয়ারম্যান রাজবাড়ী সরকারি বালিকা ও বালক উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে তার মা নূর ইকবাল খানমের নামে দুটি বৃক্ষ রোপন করেন। তিনি রাজবাড়ী সরকারি কলেজে এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতি মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শপথ বাক্য পাঠ করান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২২০৪ ঘ.
bdnews24