চট্টগ্রাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার মামলায় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অরুনেন্দু কিশোর চক্রবর্তীকে তিন বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও চারমাস কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক এস এম সোলায়মান এ রায় দেন। এ সময় সাময়িক বরখাস্তকৃত এ কর্মকর্তা আদালতে উপস্থিত ছিলেন।
সরকারি কৌসুলি অ্যাডভোকেট এ কে এম জহিরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘুষ গ্রহণ এবং দুর্নীতির পৃথক ধারায় অরুনেন্দুকে যথাক্রমে এক ও দুই বছর করে মোট তিন বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সাজা একসঙ্গে কার্যকর হবে বলে তিনি জানান।
২০০৭ সালের ২০ আগস্ট দুপুরে সুরত আলম নামে এক ঠিকাদারের কাছ থেকে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় যৌথবাহিনীর সদস্যরা অরুনেন্দু বিকাশকে হাতেনাতে গ্রেপ্তার করে।
সুরত আলম ১৬ লাখ টাকা ব্যয়ে একটি কালভার্টের কাজ শেষ করে উপজেলা নির্বাহী অফিসে জামানত হিসেবে রাখা এক লাখ ৬৭ হাজার টাকার পে অর্ডার ফেরত আনতে গেলে অরুনেন্দু তার কাছে এক লাখ টাকা ঘূষ দাবি করেন।
সুরত আলম ঘটনাটি স্থানীয় যৌথবাহিনীর ক্যাম্পে জানান। পরে যৌথবাহিনীর পরামর্শে ওই কর্মকর্তাকে ২০ হাজার টাকা ঘুষ দিতে যান। ঘুষের টাকা নেওয়ার সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অরনেন্দুকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
ওই দিনই ঠিকাদার সুরত আলম কক্সবাজার সদর থানায় একটি মামলা করেন।
আইনজীবী জহিরুল হক জানান, ২০০৮ সালের ২৯ এপ্রিল এ মামলার অভিযোগপত্র দাখিল এবং একই বছরের ২৩ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৪৫ ঘ.
bdnews24