বগুড়া, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া শহরের জামিল হাউজিং এর সামনে বৃহস্পতিবার মিনিবাস ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে স্থানীয় দৈনিক মুক্তবার্তার সাংবাদিক আয়নুল হক মারা গেছেন। আহত হয়েছেন আরও দুই সাংবাদিক।
তারা হলেন, দৈনিক আমারদেশ পত্রিকার আসাদুজ্জামান ফিরোজ ও দৈনিক ইনকিলাবের মাফুজ মণ্ডল।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোরকে জানান, দুপচাচিয়া পৌর নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই তিন সাংবাদিক সিএনজি চালিত একটি অটোরিকশায় চড়ে দুপচাচিয়া যাচ্ছিলেন।
বেলা পৌনে ১২টার দিকে তাদের অটোরিকশাটি জামিল হাউজিংয়ের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দূর্গাপুর থেকে বগুড়াগামী একটি মিনিবাসের ধাক্কায় আয়নুলসহ ওই তিন সাংবাদিক আহত হন।
পুলিশ কর্মকর্তা আহসান হাবিব জানান, আশঙ্কাজনক অবস্থায় আয়নুলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জিএনএ/১৫৪০ ঘ.
bdnews24