ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না- এ বিষয়ে আগামী ১২ আগস্ট আদেশ দেবেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক গোলাম মর্তুজা মজুমদার সংসদ ভবনে স্থানান্তরিত বিশেষ এজলাসে বসে এ দিন ধার্য করেন।
এদিন এ মামলার অপর দুই আসামি ইউনিক গ্র"পের মালিক ব্যবসায়ী নূর আলী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের উপর শুনানি হয়। এর ফলে মামলার সাত আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার শুনানি সম্পন্ন হল।
এর আগে গত কয়দিনে শেখ হাসিনা ছাড়াও অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ, সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল জামালউদ্দিন আহমেদ ও সাবেক প্রতিরক্ষা সচিব সৈয়দ ইউসুফ হোসেনকে অব্যাহতি দেওয়ার আবেদনের ওপরও শুনানি শেষ হয়।
বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানিতে শেখ হাসিনা ও জেনারেল মুস্তাফিজুর রহমান ছাড়া অন্য আসামিরা উপস্থিত ছিলেন। হাসিনা ও মুস্তাফিজকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ায় তাদের পক্ষে অ্যাডভোকেট সাহারা খাতুন ও অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান আদালতে হাজিরা দেন।
সকালে নূর আলী ও মোহাম্মদ হোসেন সেরনিয়াবাতকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার আবেদনের উপর শুনানি শুরু হলে আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, এ মামলা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। রাষ্ট্রের আর্থিক ক্ষতির সঙ্গে তারা কোনভাবেই জড়িত নয়। সুতরাং এ মামলা থেকে তাদের অব্যাহতি দেওয়া হোক।
অন্যদিকে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, এ মামলায় আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার স্বপক্ষে যথেষ্ট সাক্ষ্যপ্রমাণ তাদের কাছে কাছে আছে। অভিযোগ গঠন করা হলে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে। সুতরাং তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হোক।
এরপর এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য বিচারক দিন ধার্য করেন।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত এ দুর্নীতির মামলাটি দায়ের করে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনকে আসামি করা হয়। এতে অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে ১৯৯৯ সালে 'অপ্রয়োজনে' এই ৮টি মিগ-২৯ বিমান কেনায় রাষ্ট্রের প্রায় ৭০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।
২০০৩ সালের ২৯ জানুয়ারি শেখ হাসিনাসহ অন্যদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই বছরই হাসিনা মামলাটি বাতিলের আবেদন জানালে হাইকোর্ট এর কার্যক্রম স্থগিত করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/জিএনএ/১৩১০ ঘ.
bdnews24