২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'দোষী' বাংলাদেশীদের ফেরত পাঠাবে কুয়েত

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত বাংলাদেশী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 04:07 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ধর্মঘটের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের সঙ্গে জড়িত বাংলাদেশী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ওই ঘটনার জড়িত সন্দেহে আটক ৮০০ জনের মধ্যে ৩০০ জনকে ইতোমধ্যে ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া কুয়েত সরকার বিদেশি শ্রমিকদের সর্বনিম্ন পারিশ্রমিক বাড়িয়ে প্রতি মাসে ৪০ দিনার (১৫১ ডলার বা ১০ হাজার ৩০০ টাকা) করার সিদ্ধান্ত নিয়েছে। প্রায় ১৬ হাজারের মতো বাংলাদেশী শ্রমিক ইতোমধ্যে তাদের কর্মস্থলে ফিরে গেছে জানিয়ে বাকিদেরকেও কাজে ফেরার অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুয়েতে বাংলাদেশী দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স উদ্ভূত সঙ্কট মোকাবেলায় কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিভাগের মহাপরিচালক শেখ জাবের দায়িজ আল সাবাহ'র সঙ্গে দেখা করেছেন। শেখ জাবের এ সময় স্পষ্ট জানিয়ে দেন যে দোষীদের অবশ্যই দেশে ফেরত পাঠানো হবে। ভারপ্রাপ্ত পররাষ্ট্র উপদেষ্টা এম এ কে মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহিংসতার অভিযোগে কুয়েতে প্রায় ৮০০ বাংলাদেশী শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। যারা এর সঙ্গে জড়িত ছিল কুয়েত সরকার তাদের দেশে ফেরত পাঠানোর কথা ভাবছে।" তিনি জানান, কুয়েত সিটিতে চার দিন ধরে ধর্মঘট চলাকালে সংঘর্ষে কুয়েত পুলিশ ও বাংলাদেশ দূতাবাসের কিছু কর্মকর্তাও আহত হন। সেখানকার পুলিশ বিক্ষোভের ভিডিও ফুটেজ ও ছবি দেখে দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকার বিদেশী শ্রমিকদের পারিশ্রমিক বাড়িয়ে মাসিক ৪০ দিনার করার সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেশটির সরকার। পারিশ্রমিক বৃদ্ধি ও কাজের পরিবেশ উন্নয়নের দাবিতে বাংলাদেশসহ দক্ষিণ এশীয় দেশগুলোর শ্রমিকরা গত রোববার থেকে ধর্মঘট ও বিক্ষোভ শুরু করে। এদের মধ্যে কেউ কেউ সারা মাস কাজ করে মাত্র ৮ দিনার (৩০ ডলার বা ২ হাজার টাকার কিছু বেশি) পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/কিউএইচ/জেকে/এমএইচবি/২২০১ ঘ.