২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডা. টুটুলকে হত্যা করা হয়েছে: সংবাদ সম্মেলন দাবি

পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা ডা. মিজানুর রহমান টুটুলকে 'রাষ্ট্রীয় হেফাজতে' থাকা অবস্থায় হত্যা করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। বলা হয়েছে: টুটুলের মৃত্যুর জন্য দায়ী রাষ্ট্রীয় সন্ত্রাস, এটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড; বন্দুকযুদ্ধের গল্প সাজিয়ে তাকে হত্যার দায় এই সরকারকেই নিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 03:17 PM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) শীর্ষ নেতা ডা. মিজানুর রহমান টুটুলকে 'রাষ্ট্রীয় হেফাজতে' থাকা অবস্থায় হত্যা করা হয়েছে বলে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে। বলা হয়েছে: টুটুলের মৃত্যুর জন্য দায়ী রাষ্ট্রীয় সন্ত্রাস, এটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড; বন্দুকযুদ্ধের গল্প সাজিয়ে তাকে হত্যার দায় এই সরকারকেই নিতে হবে। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বামপন্থী রাজনৈতিক দল, ছাত্র, সাংস্কৃতিক, শ্রমিক এবং নারী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে ডা. টুটুল 'হত্যার' বিচারবিভাগীয় তদন্ত এবং 'বিচারবর্হিভূত হত্যার' জন্য দায়ীদের গ্রেপ্তার ও বিচার, অবিলম্বের ক্রসফায়ার-সুট আউট-এনকাউন্টার প্রভৃতি নামে বিনাবিচারে হত্যাকাণ্ড বন্ধ, অবিলম্বে জরুরি আইন প্রত্যাহার এবং দেশের রাজনীতি-অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ সব 'সাম্রাজ্যবাদী' শক্তির হস্তক্ষেপ বন্ধের দাবি জানানো হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) মানবাধিকার লঙ্ঘনকারী বাহিনী অভিহিত করে তা ভেঙে দেওয়ারও দাবি করা হয়। লিখিত বক্তব্যে বলা হয়, 'ডা. টুটুলকে গ্রেপ্তারের পর বিচারের সম্মুখীন না করে 'ক্রসফায়ার' নামের বন্দুকযুদ্ধের গল্প সাজিয়ে রাষ্ট্রীয় হেফাজতে হত্যার প্রতিবাদ জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। টুটুলকে হত্যার দায়দায়িত্ব সেনা-সমর্থিত এই সরকারকেই নিতে হবে। এটা একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। সন্ত্রাসী কাজে জড়িত না হওয়া সত্ত্বেও ডা. টুটুলকে সন্ত্রাস দমনের নামে হত্যার ঘটনা থেকে আমরা আশঙ্কা করছি ক্ষমতাসীনদের সঙ্গে 'ভিন্নমত' পোষনকারীরা এখন আক্রমনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।' এতে আরও বলা হয়, '২০০৭ এর ১১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত জরুরি অবস্থায় রাষ্ট্রীয় হেফাজতে বন্দি অবস্থায় ১৯৭ জনকে 'ক্রসফায়ার' 'বন্দুকযুদ্ধ' 'সুট আউট' 'এনকাউন্টার' এর নামে হত্যা করা হয়েছে। সভ্য সমাজে একজন নাগরিকের জীবন বিনাবিচারে আইন বর্হিভূতভাবে কেড়ে নেওয়া যায় না। ক্রসফায়ারের নামে একের পর এক বিনাবিচারে হত্যাকাণ্ড বাংলাদেশকে এক চরম নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে।" জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ও লেখক বদরউদ্দিন ওমর বলেন, "জঙ্গিবাদের নামে বোমা মেরে সাধারণ মানুষ, বিচারক হত্যাকারী জেএমবি ও হরকাতুল জেহাদসহ বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের সরকার বিচারের সম্মুখীন করতে আদালতে হাজির করে; গ্রেপ্তারকৃত চিহ্নিত সন্ত্রাসী ও তাদের গডফাদার মন্ত্রী-এমপি-আমলাদের সরকার ছেড়ে দেয় অথচ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল-লাল পতাকা) নেতা ডা. টুটুলকে আদালতে হাজির করা হয় না। এর কারণ কি? কারণ কি এই যে বিচারের সম্মুখীন করে তার মতো রাজনীতিবিদকে সন্ত্রাসী বলে প্রমাণ করা যাবে না।" বিপ্লবী ওয়াকার্স পার্টির সভাপতি সাইফুল হক বলেন, "সন্ত্রাস দমনের নামে র‌্যাব গঠন করা হলেও আমরা দেখেছি ২০০৬ সালে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পল্লী বিদ্যুতের জুলুমের বিরুদ্ধে গড়ে উঠা আন্দোলনের নেতৃত্বকে এবং ঢাকায় গার্মেন্টস শ্রমিক আন্দোলন ঠেকাতে নেতৃবৃন্দকে 'ক্রসফায়ারে' হত্যার হুমকি দেওয়া হয়।" তিনি বলেন "এসব ঘটনা থেকেই প্রমাণ হয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে দমন করা, ক্রসফায়ারের নামে জনগণের নেতৃত্বকে হত্যা ও সমগ্র সমাজে আতঙ্ক সৃষ্টি করার জন্যই এ ধরনের বাহিনী গঠন করা হয়েছে।" কবি আবু বকর সিদ্দিক বলেন, "বাংলাদেশে যারা সেমিনার, গোলটেবিল আর মিডিয়ায় সুশাসন বিষয়ে বড় গলায় কথা বলেন, দূর্নীতির বিরুদ্ধে যারা দেশব্যাপী শোভাযাত্রা করে বেড়ান, জনগণকে উপদেশ খয়রাত করেন, যেসব আর্ন্তজাতিক ও দেশীয় খ্যাতিমান আইনজীবীরা আইনের শাসন কায়েমে লম্বা বক্তৃতা দিয়ে বেড়ান, যেসব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলেন, এরা সবাই ডা. টুটুল হত্যাকান্ডের ঘটনায় আজ নিশ্চুপ।" "২০০৪ সালে র‌্যাব গঠিত হওয়ার পর থেকে গত চার বছরে সন্ত্রাস দমনের নামে পাঁচ শতাধিক নাগরিককে বিচারের আওত্তায় না এনে যে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে এদের কোন প্রতিবাদ নেই, কোন কর্মসূচি নেই। এতবড় মানবাধিকার লংঙ্ঘনে তাদের বিবেকের কোন দংশন নেই।" ক্রসফায়ারের মতো বিনাবিচারে হত্যাকাণ্ডের ঘটনায় আদালতে মামলা দায়ের বা অন্যকোন আইনি পদক্ষেপ নেওয়া হবে কিনা প্রশ্ন করা হলে বদরউদ্দিন ওমর বলেন, "এ দেশে যে শুধু মামলা দায়ের করলেই ন্যায়বিচার পাওয়া যাবে তার কোন নিশ্চয়তা নেই। আমরা দেখতে পাচ্ছি সরকারের নির্দেশ অনুযায়ী আদালতে অনেক কিছুই হচ্ছে। এ কারণে এ ধরণের বিচারবর্হিভূত হত্যাকাণ্ড ঠেকাতে আইনি ব্যবস্থার পাশাপাশি রাজপথের আন্দোলনও করতে হবে।" সংবাদ সম্মেলনে জাতীয় তেল, গ্যাস ও বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক টিপু বিশ্বাস, নয়া গণতান্ত্রিক গণমোর্চার আহ্বায়ক শিবলী কাইয়ূম, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফায়জুল হাকিম, বিপ্লবী ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মোশরেফা মিশুসহ অনেকে উপস্থিত ছিলেন। ডা. টুটুলকে গত ২৫ জুলাই (শুক্রবার) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে র‌্যাব সদস্যরা গ্রেপ্তার করে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে র‌্যাবসদর দপ্তরের কর্মকর্তারা টুটুলকে গ্রেপ্তারের খবর অস্বীকার করেন। ২৭ জুলাই ভোররাতে নওগাঁর রাণীনগর উপজেলায় পুলিশের সঙ্গে চরমপন্থীদের গোলাগুলির সময় টুটুল মারা যান বলে পুলিশ দাবী করে। ২৬ জুলাই টুটুলের মা নভেরা খাতুন র‌্যাবের হাতে তার ছেলের গ্রেপ্তার হওয়ার কথা জানিয়ে টুটুলকে 'ক্রসফায়ারে না মারার জন্য' সাংবাদিকদের মাধ্যমে সরকারের কাছে খোলাখুলি আবেদন জানান। নভেরা খাতুন ওই রাতে ঝিনাইদহ প্রেসক্লাবে গিয়ে বলেন, তিনি জানতে পেরেছেন শুক্রবার রাতে র‌্যাব তার ছেলেকে গ্রেপ্তার করেছে। সরকারের কাছে ছেলের প্রাণভিক্ষা চেয়ে তিনি বলেছিলেন, "অন্যায় করলে আমার ছেলের রাষ্ট্রীয় আইনে বিচার হোক, তাকে যেন ক্রসফায়ারে হত্যা করা না হয়।" অশীতিপর নভেরা খাতুন দাবি করেন, 'গোপন রাজনীতিতে যুক্ত থাকলেও টুটুল কোনও চাঁদাবাজি বা খুনের সঙ্গে জড়িত ছিল না।' টুটুলের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজে পড়ার সময় তিনি 'চরমপন্থী' সংগঠনে জড়িয়ে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এলএইচ/এমএইচবি/২১০৬ ঘ.