চট্টগ্রাম, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে ৬০টি ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন।
সম্প্রতি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) নগরীর বিভিন্ন এলাকায় পুরনো, জরাজীর্ণ, হেলে পড়া ও ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্ত এসব ভবন সনাক্ত করে।
ভবনগুলো ভাঙতে চউকের অনুরোধের প্রেক্ষিতে কর্পোরেশন বুধবার ভবন মালিকদের সঙ্গে বৈঠক করেছে। সেখনেই ভাঙার বিষয়ে সিদ্ধান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ।
তিনি জানান, ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে সভায় ভবন মালিকরা ছাড়াও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড কমিশনাররা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, "ভারপ্রাপ্ত মেয়র জনসাধারণের সার্বিক নিরাপত্তা ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে এসব ভবন ভেঙ্গে ফেলার আহ্বান জানান। দু/তিনজন মালিক ভবন চিহ্নিত করার বিষয়ে অভিযোগ তুললে তাদের চউকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়া হয়।"
সাইফুদ্দিন আহমেদ বলেন, "ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভাঙার আগে আগামী ১০ আগস্ট পর্যন্ত মালিকদের আপত্তি ও অভিযোগ নিষ্পত্তির সময় দেয়া হয়েছে। এরপর থেকে কর্পোরেশন ভবনগুলো ভাঙতে শুরু করবে। আর এর খরচ মালিককে বহন করতে হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসএনডি/২০৫১ ঘ.
bdnews24