ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী তনয় কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বাংলাদেশ সফর উপলক্ষে বাড়তি কোন নিরাপত্তার আয়োজন করছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সিটি ও পৌর নির্বাচনের নিরাপত্তা বিষয়ক সভায় রাহুল গান্ধীর নিরাপত্তার বিষয়টিও আলোচনা করা হয়।
সভার পর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের রাহুল গান্ধীর আসন্ন বাংলাদেশ সফর উপলক্ষে বিশেষ কোন আয়োজন না থাকার কথা জানান। তিনি বলেন, "বিদেশি অতিথিদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়, এক্ষেত্রেও তাই করা হবে। একই ধরণের প্রটোকল পাবেন রাহুল গান্ধীও। কোন বাড়তি আয়োজন করা হবে না।"
রাহুল গান্ধী আগামী ৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছেন। এ সময় তার বোন প্রিয়াংকা ভদ্রও আসতে পারেন বলে জানা গেছে।
ভারতে গান্ধী পরিবারের নিরাপত্তার বিষয়টি খুব স্পর্শকাতর এবং সেখানে রাজীব পরিবারের সদস্যরা সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন। রাহুলের পিতামহী ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পিতা রাজীব উভয়েই আততায়ীর হাতে প্রাণ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১৮ঘ.
bdnews24