২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের মেডিকেল রিপোর্ট চেয়েছে হাইকোর্ট

আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 11:39 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের মেডিকেল রিপোর্ট তলব করেছে হাইকোর্ট। আগামী ৫ আগস্টের মধ্যে রিপোর্ট আদালতে জমা দেয়ার জন্য কারা মহাপরিদর্শক ও ল্যাব এইড কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। নাসিমের জামিন আবেদনের ওপর শুনানির সময় বুধবার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন ও বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হকের বেঞ্চ এ আদেশ দেয়। ৫ আগস্ট জামিন আবেদনের ওপর পরবর্তী শুনানি হবে। অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় মোহম্মদ নাসিম গত ২৮ জুলাই হাইকোর্টে জামিনের আবেদন করেন। আবেদনের ওপর বুধবারের শুনানিতে নাসিমের পক্ষে ব্যারিস্টার আমীর উল ইসলাম ও অ্যাডভোকেট ইনায়েতুর রহিম বলেন, মোহাম্মদ নাসিম গুরুতর অসুস্থ। বিদেশে উন্নত চিকিৎসা না করা হলে তার জীবন সঙ্কটাপন্ন হতে পারে। শুনানিতে তারা বলেন, দণ্ড পাওয়া ব্যক্তি গুরুতর অসুস্থ হলে হাইকোর্ট তাকে জামিন দিতে পারে। এ বিষয়ে সিগমা হুদা ও মীর হেলালউদ্দীনের মামলার নজির দেন তারা। অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির মামলায় গতবছর ৮ অক্টোবর ঢাকার বিশেষ আদালত মোহাম্মদ নাসিমকে ১৩ বছরের কারাদণ্ড দেয়। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে নাসিম গত এপ্রিল মাসে হাইকোর্টে আপিল করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এসএনডি/এসকে/১৭৩১ঘ.