২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্ট মামলায় বরিশালে ৭ জনের যাবজ্জীবন

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির বোমা হামলার ঘটনায় বরিশালে দায়ের করা এক মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2008, 09:21 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

বরিশাল, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে জেএমবির বোমা হামলার ঘটনায় বরিশালে দায়ের করা এক মামলায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বরিশাল বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান বুধবার এ দণ্ডাদেশ দেন। আদালত মামলার অপর সাত আসামিকে খালাস দিয়েছে। আগস্টের বোমা হামলার ঘটনায় বরিশালে মোট ১২টি মামলা হয়। এনিয়ে চারটির রায় হয়েছে। আগের তিনটি মামলায়ই সব আসামি খালাস পায়। আটটি মামলা এখনও বিচারাধীন। বুধবারের রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন- আবু ইউসুফ, মোহাম্মদ সোবাহান, মোহাম্মদ গিয়াস, জিয়াউর রহমান জিয়া, জাহিদ বাবু, আব্দুর রহিম ও সরোয়ার হেসেন মল্লিক। এদের মধ্যে প্রথম তিন জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকিরা পলাতক। আদালত যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি সাত জনকেই ১০ হাজার টাকা করে জরিমানা করেছে। টাকা না দিলে প্রত্যেককে আরও এক বছর করে সাজা ভোগ করতে হবে। খালাস পেয়েছে- গোলাম মোর্শেদ রেজা, সাইফুল ইসলাম, জসিম, মারুফ, আবু সোলায়মান, জালাল আরেফিন ও সুলতান শরীফ। ২০০৫ সালের ১৭ আগস্ট বোমা হামলার দিন বরিশাল নগরীর ১৮টি এলাকায় বিস্ফোরণ ঘটায় জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)। ওইসব ঘটনায় কোতয়ালি থানায় ১২টি মামলা দায়ের করে পুলিশ। এর মধ্যে ৮ নম্বর মামলাটির রায় হলো বুধবার। জেলখানা-লাইনরোড মোড়ে সংঘটিত বোমা বিস্ফোরণের ঘটনায় এ মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানায় ওই সময় কর্তব্যরত উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন। ওই বছরের ডিসেম্বর মাসে ১৪ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলায় ১৮ জনের সাক্ষ্য নেওয়া হয়। বোমা হামলার সবগুলো মামলা চলতি বছর দ্রুত বিচার অদালতে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১০ ঘ.