যশোর, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের চৌগাছা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ ১০ দিন পর মঙ্গলবার ফেরৎ দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ১০টার দিকে পাঁচপীরতলা সীমান্তে বিএসএফ তাদের কাছে লাশ হস্তান্তর করেছে।
১৯ জুলাই ভোর রাতে চৌগাছার পাঁচপীরতলা সীমান্তে কোন রকম উস্কানি ছাড়াই বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ। এতে গুল বিদ্ধ হয়ে সুখ পুকুরিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে রেজাউল ইসলাম এবং বজলুর রহমানের ছেলে জয়নাল আবেদীন নিহত হন।
পরে তাদের লাশ ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ।
এ ঘটনার পর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী-বিডিআর ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকে লাশ ফেরত চাওয়া হয়। কিন্তু ওই সময় বিএসএফ লাশ ফেরত দেয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২১ ঘ.
bdnews24