ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির দায়ে বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে ১৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুর্নীতিতে তাকে সহযোগিতা করায় আদালত তার স্ত্রী নাসিমা হক ও ছেলে মুশফিকুল হক জয়কে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে। (আরো তথ্যসহ)
মঙ্গলবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত ৭ এর বিচারক মো. সিরাজুল ইসলাম এ রায় দেন। বিচারক আসামিদের অবৈধভাবে অর্জিত সব সম্পত্তি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করারও নির্দেশ দিয়েছেন।
রায়ে জিয়াকে ১০ লাখ এবং স্ত্রী ও ছেলেকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ টাকা দিতে ব্যর্থ হলে জিয়াকে আরো এক বছর এবং স্ত্রী ও ছেলেকে ছয় মাস করে সশ্রম সাজাভোগ করতে হবে।
আসামিরা পলাতক রয়েছেন। তাদের আটক অথবা আত্মসমর্পণের দিন থেকে সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
এর আগে কর ফাঁকির দায়ে ওই তিন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
জিয়াউল হককে দুটি ধারায় দেওয়া সাজার মধ্যে সম্পত্তির তথ্য গোপন করায় তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং অবৈধভাবে সম্পত্তি করায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সাজা একটা শেষ হলে আরেকটা কার্যকর হবে। অর্থাৎ তাকে ১৩ বছরই সাজাভোগ করতে হবে।
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মঞ্জুরুল আলম গত বছরের ২২ নভেম্বর রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, আসামি জিয়াউল হক কমিশনে দাখিল করা হিসাব বিবরণীর বাইরে ১২ কোটি ৮১ লাখ ২৭ হাজার টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জন করেছেন। এর মধ্যে তিনি ৫ কোটি ৩৬ লাখ টাকা সম্পত্তির তথ্য গোপন করেছেন। তার এই কাজে সহযোগিতা করেছেন স্ত্রী ও ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএআর/এসকে/১৫৩৩ঘ.
bdnews24