ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী ১০ সেপ্টেম্বর। একইদিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএম) পরীক্ষার ফলও প্রকাশ হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মনিরুল ইসলাম মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
গত ২৯ মে দেশের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম-ব্যবসায় ব্যবস্থাপনা) পরীক্ষা শুরু হয়ে ১০ জুলাই শেষ হয়।
অধ্যাপক মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে আমরা ফল প্রকাশের সিদ্ধান্ত নিয়ে এগুচ্ছি। সেই হিসেবে আগামী ১০ সেপ্টেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। কোনও অঘটন না ঘটলে এদিনই আমরা ফল প্রকাশ করবো।"
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছর এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষায় ৬ লাখ ২০ হাজার ২০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা ৫ লাখ ২ হাজার ৭৯৬ জন। আলিম পরীক্ষার্থী ৬২ হাজার ৫০৫ জন এবং এইচএসসি (বিএম) পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ৭১৯ জন।
এইচএসসিতে এবার ঢাকা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৫১ হাজার ২৪৭ জন, রাজশাহীতে ১ লাখ ৩৬ হাজার ৭৪৫ জন, কুমিল্লা বোর্ডে ৫০ হাজার ৭১৯ জন, যশোরে ৭০ হাজার ৮০৯ জন, চট্টগ্রামে ৪১ হাজার ৫১৫ জন, বরিশালে ৩২ হাজার ১৬৪ জন এবং সিলেট বোর্ডে ১৯ হাজার ৫৯৭ জন।
নয়টি বোর্ডে ১৮০০ কেন্দ্রে এই তিন পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে এইচএসসির কেন্দ্র সংখ্যা ছিল ১ হাজার ২৪টি, আলিমের ৩৪৮টি এবং এইচএসসি (বিএম) ৪২৮টি। দেশের বাইরে বিদেশে মোট পাঁচটি কেন্দ্রে ১৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, মোট ৭ হাজার ১২০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে এইচএসসিতে প্রতিষ্ঠানের সংখ্যা ৩ হাজার ১৯৬টি, আলিমে ২ হাজার ৬৫৯টি এবং এইচএসসি (বিএম) ১ হাজার ২৬৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এমআই/১৩০৪ ঘ.
bdnews24