ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে সুপ্রিম কোর্ট। (আরো তথ্যসহ-২)
সরকার ও ১৯ কর্মরত বিচারপতির তিনটি পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ৫ বিচারপতির একটি বেঞ্চ তিন সপ্তাহের জন্য হাইকোর্টের রায় স্থগিতের আদেশ দেন।
এই সময়ের মধ্যে সরকার ও সংশ্লিষ্ট ১৯ বিচারপতিকে নিয়মিত আপিল দায়ের করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের পরপরই ১৯ বিচারপতির আইনজীবী টি এইচ খান সুপ্রিম কোর্ট বেঞ্চের সিদ্ধান্ত জানিয়ে সাংবাদিকদের বলেন," তিন সপ্তাহের মধ্যে হাইকোর্টের রায়ের নকল কপি পেলে আমরা নিয়মিত আপিল দায়ের করবো।"
বাদ পড়া ১০ বিচারপতির পক্ষে কৌসুলী ড. কামাল হোসেন বলেন, "প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারক নিয়োগ বিচার বিভাগের ইতিহাসে শত বছরের প্রথা। এটাকে মান্য করা উচিত।"
অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ আদেশের পর সাংবাদিকদের বলেন, "সরকারের বক্তব্য ছিল এই বিষয়টি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হোক। এজন্যই এই রায় স্থগিত করা প্রয়োজন।"
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করেছিলেন ১৯ বিচারপতি। তাদের আবেদনে বলা হয়, এ রায়ের ফলে বর্তমানে কর্মরত বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হবে।
আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিনের আদালতে ২৭ জুলাই ১৯ বিচারপতি আপিলের আবেদন করেন।
এর আগে গত ২৪ জুলাই এ রায় স্থগিতের জন্য আপিলের আবেদন করে সরকারপক্ষ। আশরাফুজ্জামান নামে একজন আইনজীবীও আপিলের আবেদন করেন। সুপ্রিম কোর্ট মঙ্গলবার তার আবেদন মঞ্জুর করেন।
হাইকোর্ট গত ১৭ জুলাই চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দিতে সরকারকে নির্দেশ দেয়।
বিচারপতি দশজন হলেন- আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিম।
রায়ে তাদের হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের আদেশে বলা হয়, তাদের বাদ পড়ার পর থেকে স্থায়ী নিয়োগ না পাওয়া পর্যন্ত সময়টুকু 'বিনা বেতনে বিশেষ ছুটি' হিসেবে গণ্য হবে।
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদনকারী ১৯ বিচারপতি হলেন- সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি মীর হাসমত আলী, বিচারপতি আবদুল আওয়াল, শরীফউদ্দিন চাকলদার, বিচারপতি মো. মিজানুর রহমান ভুইঞা, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, বিচারপতি এ এফ এম আবদুর রহমান, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি মো. আবু তারিক, বিচারপতি মোহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. মিফতাহউদ্দিন চৌধুরী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. এমদাদুল হক, বিচারপতি মো. রইসউদ্দিন, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ, বিচারপতি আতাউর রহমান খান ও বিচারপতি এস এম এমদাদুল হক।
১৯ বিচারপতির আবেদনে বলা হয়, রিটে তাদের পক্ষভুক্ত করা হয়নি। তাদের পক্ষে বক্তব্য না শুনে রায় দেওয়ায় ন্যায়বিচারের স্বাভাবিক নীতির পরিপন্থী কাজ হয়েছে।
আবেদনে আরও বলা হয়, "এ রায়ে সংবিধানের ব্যাখ্যা জড়িত। রায়ের ফলে কর্মরত বিচারপতিদের জ্যেষ্ঠতা লঙ্ঘিত হবে। তাছাড়া বাদ পড়া ১০ বিচারপতি তাদের নিয়োগের জন্য রিট আবেদন করতে পারেন না। হাইকোর্টও বলতে পারে না যে, প্রধান বিচারপতির সুপারিশ সত্ত্বেও তাদের নিয়োগ না দেওয়া সঠিক হয়নি। কারণ সংবিধানের চতুর্থ সংশোধনীতে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শের ভিত্তিতে বিচারপতি নিয়োগের বিধান বাদ দেওয়া হয়েছিল। এখন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে প্রধান বিচারপতির পরামর্শ মানা বাধ্যতামূলক নয়।"
স্থায়ী নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৩ সালের ৪ ফেব্র"য়ারি বিচারপতি আব্দুস সালাম ও বিচারপতি মমতাজউদ্দিন আহমেদের পক্ষে রিট করেন অ্যাডভোকেট ইদ্রিসুর রহমান। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৪ মে হাইকোর্ট সরকারের প্রতি রুল জারি করে।
বিচারপতি আব্দুস সালাম ও মমতাজ উদ্দিন আহমেদ ১৯৯৯ সালের ২৪ অক্টোবর অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। দুই বছর পর আবার তাদের চাকরির মেয়াদ এক বছর বাড়ানো হয়। এরপর ২০০২ সালের ২২ অক্টোবর তাদের বাদ দেওয়া হয়।
বিচারপতি সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী ও আবদুল হাই অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ২২ ফেব্র"য়ারি। ২০০৩ সালের ২২ ফেব্র"য়ারি তাদের বাদ দেওয়া হয়।
বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও নিজামুল হক নাসিম অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান ২০০১ সালের ৩ জুলাই। তাদের বাদ দেওয়া হয় ২০০৩ সালের ৩ জুলাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এমআই/এসকে/১৩১৬ঘ.
bdnews24