ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভুয়া দলিল বন্ধক রেখে আইএফআইসি ব্যাংকের ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক পরিচালক ও বেক্সিমকো হোল্ডিংস লিমিটেডের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ছয় জনের বিরুদ্ধে সোমবার অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্রটি জমা দেন।
মামলার অন্য আসামিরা হলেন, আইএফআইসি ব্যাংকের সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মতিঝিল শাখার তৎকালীন ব্যবস্থাপক আসহাফ উদ দৌলা, একই ব্যাংকের সাবেক ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মো. জিয়াউল বারী, সালমানের ভাই সোহেল এফ রহমান, ব্যাংকের পরিচালক এবং বেক্সিমকো হোল্ডিংসের চেয়ারম্যান ইকবাল আহম্মেদ এবং বেক্সিমকোর পরিচালক এম এ কাশেম।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আতাউল হককে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে।
আসামিদের মধ্যে সালমান এফ রহমান কারাগারে আছেন। অন্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
২০০৭ সালের ৫ সেপ্টেম্বরে মতিঝিল থানায় মামলাটি করে দুর্নীতি দমন কমিশন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আসামিরা বেক্সিমকো প্রপার্টিজ ডেভেলপমেন্ট লিমিটেডের নামে বানানো সাতটি ভুয়া দলিলে মোট ১৩০ দশমিক ৪২ একর জমি দেখিয়ে আইএফআইসি ব্যাংকের মতিঝিল শাখা থেকে ১৫৮ কোটি ৬৭ লাখ টাকা ঋণ সুবিধা নেন।
অভিযোগপত্রে ২০ জনকে রাষ্ট্রপক্ষে সাক্ষী দেখানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/টিএইচ/এসএনডি/এমএইচবি/২১৪৪ ঘ.
bdnews24