ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননা অধ্যাদেশ বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে সরকারকে নিয়মিত আপিল করতে বলেছেন আপিল বিভাগ।
রায় স্থগিতের জন্য সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের চেম্বার জজ এম এ মতিন এ আদেশ দেন।
হাইকোর্ট গত ২৪ জুলাই আদালত অবমাননা অধ্যাদেশকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে তা বাতিল ঘোষণা করে।
এ রায় স্থগিতের জন্য সরকারের পক্ষে করা আবেদনের ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ।
১৯২৬ সালের আদালত অবমাননা আইন বাতিল করে গত ২৫ মে নতুন অধ্যাদেশটি প্রণয়ন করে তত্ত্বাবধায়ক সরকার।
এরপর গত ৬ জুলাই হাইকোর্ট নতুন অধ্যাদেশ কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না- জানতে চেয়ে সরকারের প্রতি স্যুয়োমটো রুল জারি করে।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. শামসুল হক ও তাজুল ইসলামের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৮ জুন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি ফরিদ আহাম্মদের বেঞ্চ আদালত অবমাননা অধ্যাদেশের কয়েকটি ধারা কেন সংবিধান পরিপন্থী ও বাতিল করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেছিল।
দুটি রুলের ওপর একসঙ্গে শুনানি গ্রহণ করে হাইকোর্ট রায়ে বলেছে, তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতাহীন ও জরুরি নয় এমন অধ্যাদেশ রাষ্ট্রপতি জারি করতে পারেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এসকে/১৯৪০ঘ.
bdnews24