ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একজন চেয়ারম্যানের নেতৃত্বে পাঁচ সদস্যের বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ গঠনের বিধান রেখে 'বীমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ অধ্যাদেশ ২০০৮' অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় 'বীমা অধ্যাদেশ ২০০৮' অনুমোদন এবং 'ইন্স্যুরেন্স করপোরেশনস (সংশোধিত) অধ্যাদেশ ২০০৮' নীতিগত অনুমোদন পেয়েছে।
এর ফলে প্রধান বীমা নিয়ন্ত্রকের পদটি বিলুপ্ত হয়ে যাবে। ইন্স্যুরেন্সের সার্বিক নিয়ন্ত্রণের জন্য কাজ করবে তিন বছর মেয়াদে গঠিত নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।
সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফাহিম মুনয়েম জানান, 'বীমা অধ্যাদেশ ২০০৮' অনুমোদনের ফলে এখন থেকে জেনারেল ইন্স্যুরেন্সের নতুন নাম হবে নন লাইফ ইন্স্যুরেন্স। তবে লাইফ ইন্স্যুরেন্স নামটি অপরিবর্তিত থাকবে।
ফাহিম মুনয়েম জানান, কোনো ব্যক্তি লাইফ অথবা নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি- এর যে কোনো একটির মালিক হতে পারবেন। একই সঙ্গে দু'টির মালিক তিনি হতে পারবেন না।
তিনি জানান, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জন্য দেড় কোটি জামানত এবং নন লাইফের ক্ষেত্রে আড়াই কোটি টাকা জামানতের বিধান রাখা হয়েছে। অধ্যাদেশ জারির তিন বছরের মধ্যে এ টাকা দিতে হবে। প্রতি বছর নভেম্বরের ৩০ তারিখের মধ্যে ইন্সুু্যুরেন্স কোম্পনির মেয়াদ নবায়ান করতে হবে।
বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অধ্যাদেশ অনুযায়ী বীমা কর্তৃপক্ষের মেয়াদ হবে তিন বছর জানিয়ে প্রেস সচিব বলেন, বীমা শিল্পের নিয়ন্ত্রণ, উন্নয়ন, গ্রাহক স্বার্থ সংরক্ষণ ও তহবিল গঠনসহসহ সার্বিক উন্নয়ন করাই হবে পাঁচ সদস্যের এ কর্তৃপক্ষের প্রধান কাজ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এমইউএ/এসএনডি/এমএইচবি/২১৪২ ঘ.
bdnews24