চট্টগ্রাম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- "স্বাধীন দেশের মাটিতে একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের আস্ফালন কখনোই মেনে নেওয়া যায় না। তাদের বিচার করে ফাঁসি দিতে হবে। প্রয়োজনে আর একটি যুদ্ধ হবে। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত আমি থামব না।"
লাঞ্ছনার শিকার মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আমান আলী শনিবার চট্টগ্রামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাতকারে তার ক্ষোভের কথা জানান।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ জুলাই জামায়াতে ইসলামীর মদদপুষ্ট 'জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ' নামে একটি সংগঠনের অনুষ্ঠানে যুদ্ধাপরাধীদের বিচার চাওয়ায় শেখ আমানকে টেনে-হিঁচড়ে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন আয়োজকরা। একজন তাকে লাথিও মারেন। ধর্মভিত্তিক রাজনীতিক দল জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের সক্রিয় বিরোধিতার জন্য ব্যাপকভাবে অভিযুক্ত।
ওই দিনের ঘটনা সম্পর্কে আমান বলেন, "মুক্তিযোদ্ধাদের সমাবেশ হবে- আয়োজকদের এ কথার ভিত্তিতে অনুষ্ঠানে গিয়েছিলাম। যুদ্ধাপরাধীরাই এ অনুষ্ঠানের আয়োজক-এটা জানলে কখনোই যেতাম না।"
শেখ আমান বলেন, "মাইকে দাঁড়িয়ে যখন একাত্তরের ঘাতকদের বিচার দাবি করি তখনই সাত-আটজন লোক এসে বাধা দেয় এবং আমাকে লাঞ্ছিত করে। এরপর আয়োজকরা আমাকে একটি অন্ধকার ঘরে প্রায় তিন ঘন্টা আটকে রাখে।"
তিনি বলেন, "একাত্তরে যারা পিস (শান্তি) কমিটি করে, ঘোষণা দিয়ে নির্বিচারে মানুষ মেরেছে, নির্যাতন চালিয়েছে, মা-বোনের ইজ্জত লুটেছে তারা নিজেদের যুদ্ধাপরাধী নয় বলে দাবি করছে। এ দাবি করে তারা কোনভাবেই পার পাবে না।"
মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের অধীনে ময়মনসিংহে যুদ্ধ করা শেখ আমানের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায়। তিনি তার দুই ছেলে ও স্ত্রী নিয়ে ঢাকায় থাকেন।
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ওই অনুষ্ঠানে লাঞ্ছিত হওয়ার পর তাকে প্রতিনিয়তই টেলিফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে জানান আমান।
শেখ আমান বলেন, "নিজের জীবন নিয়ে কখনই ভাবি না। একাত্তরের মুক্তিযুদ্ধেই মরে যেতে পারতাম। সুতরাং কোন হুমকিকেই তোয়াক্কা করি না। যেখানেই ছিলাম এখনও সেখানেই আছি।"
মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারীদের সংগঠন সেক্টর কমান্ডার্স ফোরামের দেশব্যাপী আন্দোলন ও জনগণের দাবির প্রতি সম্মান দেখিয়ে যুদ্ধাপরাধীদের বিচার শুরুর আহ্বান জানান তিনি। এ ব্যাপারে তিনি সেনাবাহিনী প্রধানের হস্তক্ষেপও কামনা করেন।
শেখ আমান স্বপ্ন দেখেন, মৃত্যুর আগেই যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারবেন।
তিনি বলেন, "মুক্তিযোদ্ধা যারা এখনো বেঁেচ আছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাই ঐক্যবদ্ধ হলে যুদ্ধাপরাধীদের বিচার খুব দ্রুত হওয়া সম্ভব।"
শেখ আমান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত 'গোলাম আজম প্রতিরোধ দিবস' উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে শনিবার চট্টগ্রাম আসেন।
বিডিনউিজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/এসকে/২২৪২ঘ.
bdnews24