২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপসার তীররক্ষা বাঁধ ভেঙে ১৫ হাজার মানুষ পানিবন্দি

খুলনার রূপসা উপজেলার মাথাভাঙা এলাকায় রূপসা নদীর জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে অন্তত দেড় হাজার একর জমির আমন বীজতলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

খুলনা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার রূপসা উপজেলার মাথাভাঙা এলাকায় রূপসা নদীর জোয়ারের পানির চাপে বাঁধ ভেঙে ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তলিয়ে গেছে অন্তত দেড় হাজার একর জমির আমন বীজতলা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার জাবুসা গ্রামের মাথাভাঙা এলাকায় প্রথম দফায় রূপসা নদীর তীররক্ষা বাঁধের প্রায় দেড়শ' ফুট অংশ ভেঙে যায়। শুক্রবার এলাকাবাসী নিজেরাই বাঁধের ভাঙা অংশটি মেরামত করেন। কিন্তু ওই দিন রাতে আবার জোয়ারের চাপে বাঁধ ভেঙে যায়। এলাকাবাসী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, বাঁধ ভেঙে জাবুসা, ইলাইপুর, আমদাচাদ, তিলক, খাজুরা, রানায়য়খালী, বাইনতলা, খারাবাদ ও বাগমারা গ্রাম পানিতে তলিয়ে গেছে। এতে ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। ডুবে গেছে দেড় হাজার একর আমন ধানের বীজতলা। ভেসে গেছে পাঁচটি বিলের সব কটি ঘেরের মাছ। এলাকাবাসীর দাবি, এতে এই ১০ গ্রামের বাসিন্দাদের অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। জাবুসা গ্রামের এখলাসুর রহমান, বাগমারার দিদারুল ইসলাম, শাহীন ও বাবলু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানিতে তলিয়ে যাওয়া দেড় হাজার একর জমির বীজতলা নষ্ট হয়ে যাবে। এবারের মওসুমে দ্বিতীয় দফায় বীজতলা তৈরি করে আমন চাষ করতে গেলে হয়ে যাবে দেরি। এর ফলে উৎপাদনেও ব্যাঘাত ঘটবে বলে তারা আশংকা প্রকাশ করেছেন। তারা বলেন, প্রতি বছর বর্ষা মওসুমে মাথাভাঙ্গায় নদী তীররক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। বৃহস্পতিবার রাতে প্রথম দফায় বাঁধ ভাঙার পর শুক্রবার সরকারি বিভিন্ন দপ্তরে ধরনা দিলেও ছুটির দিনের অজুহাতে কেউ ঘটনাস্থলে আসেননি। শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী রেজাউল করিম কৃষি অফিসার, স্থানীয় চেয়ারম্যান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ইউএনও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকারি-বেসরকারি উদ্যোগে বাঁধ মেরামতের কাজ চলছে। মোট এক হাজার ফুট বাঁধ সংস্কার করতে হবে। এ জন্য পাঁচ শতাধিক শ্রমিক কাজ করছে। তিনি বলেন, "আজ কালের মধ্যে বাঁধ মেরামত ও সংস্কার কাজ শেষ হবে বলে আশা করছি। ভাঙন কবলিত ওই স্থানে স্থায়ী বাঁধ সংস্কারের জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.