ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশিষ্ট ক্রীড়াসংগঠক ও সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল এম এ হামিদ শুক্রবার বিকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন কিডনি সমস্যায় ভুগছিলেন।
এম এ হামিদের বড় ছেলে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''বাবা কিডনি রোগে ভুগছিলেন। সিএমএইচএ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।''
এম এ হামিদ বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন প্রতিষ্ঠায় মূখ্য ভূমিকা পালন করেন; জাতীয় ক্রীড়া পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ক্রীড়াঙ্গনে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি আর্মি স্পোটর্স কন্ট্রোল বোর্ডের সভাপতিও ছিলেন। ক্রীড়াঙ্গনে অবদানের জন্য রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারসহ বিভিন্ন পদক পেয়েছেন।
তিনি স্ত্রী রানী হামিদ, তিন ছেলে কায়সার হামিদ, সোহেল হামিদ, ববি হামিদ এবং এক মেয়ে জেবিন হামিদসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
কর্নেল হামিদের পরিবারটিকে 'ক্রীড়া পরিবার' বলা যায়। তার স্ত্রী দাবাড় রানী হামিদ আর্ন্তজাতিক মহিলা মাস্টার হিসেবে দেশের জন্য ব্যাপক সম্মান কুড়িয়ে এনেছেন। বড় ছেলে কায়সার হামিদ জাতীয় ফুটবল দলের অধিনায়কত্ব করেছেন দীর্ঘদিন। দ্বিতীয় ছেলে সোহেল হামিদ একজন স্কোয়াশ খেলোয়ার, ছোট ছেলে ববি হামিদও ঢাকার মাঠে ফুটবল খেলেছেন।
কায়সার হামিদ জানান, শনিবার সকাল ১১ টায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশে হ্যান্ডবল মাঠে। বেলা দেড়টায় পুরাতন ডিওএইচএসএ'র মসজিদে আরেকবার জানাজ অনুষ্ঠিত হবে।
কর্নেল হামিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্রীড়াঙ্গনে শোকের আবহ তৈরি হয়। মরহুমের ডিওএইচএসএ'র বাসায় ক্রীড়াবিদরা ভিড় করেন।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি সেনা প্রধান জেনারেল মইন উ আহমেদ ও মহাসচিব কতুব উদ্দিন আহমেদ এক বার্তায় হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তার মৃত্যুতে হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি ড. মো. নুরুল আমীন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুরসহ কার্যনির্বাহী কমিটির সদস্য, খেলোয়াড়, কর্মকর্তা, রেফারি ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসবি/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24