ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সিটি ও পৌর নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঁচ হাজারেরও বেশি স্থানীয় ও বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনে আবেদন করেছেন। কমিশন বৃহস্পতিবার জানিয়েছে, নীতিমালা মেনে উপযুক্তদের অনুমতি দেওয়া হবে।
কমিশনের যুগ্ম সচিব রফিকুল ইসলাম দুপুরে কমিশন সচিবালয়ে দেশি-বিদেশি ১৮টি পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা এবং এ কাজের সমস্যা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
রফিকুল ইসলাম বলেন, "সিটি ও পৌর নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিভিন্ন সংস্থা ও সংগঠনের পাঁচ হাজারেরও বেশি পর্যবেক্ষক আগ্রহ দেখিয়েছেন। কমিশন পর্যবেক্ষণ নীতিমালা মেনে পর্যবেক্ষকদের অনুমোদনের বিষয়টি চূড়ান্ত করবে। নীতিমালা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট পর্যবেক্ষক ও সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"
যুগ্ম সচিব বলেন, সিটি করপোরেশনের পাশাপাশি পৌরসভাগুলোতেও যাতে সমান গুরুত্ব দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা হয়, সেজন্য বৈঠকে পর্যবেক্ষক সংস্থাগুলোকে অনুরাধ করা হয়েছে।
এদিকে ৩৩টি পর্যবেক্ষক সংগঠনের জোট ইলেকশন ওয়ার্কিং গ্র"প (ইডব্লিউজি) জানিয়েছে, খুলনা, রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং মানিকগঞ্জ ও চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে তাদের ৩ হাজার ৭৫জন পর্যবেক্ষক কাজ করবে।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ইডব্লিউজি'র পরিচালক জহুরুল ইসলাম জানান, এ ব্যাপারে সব প্রস্তুতি শেষ করা হয়েছে এবং অনুমতির জন্য নির্বাচন কমিশনে আবেদন জানানো হয়েছে।
জহুরুল ইসলাম জানান, ইডব্লিউজি ভোটের দিন সকালের প্রতিবেদন বিকেলে এবং পুরো দিনের প্রতিবেদন পরদিন প্রকাশ করবে।
সংবাদ সম্মেলনে এশিয়া ফাউন্ডেশনের জেরম সিয়ার জানান, আসন্ন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইডব্লিউজি বিভিন্ন দাতা সংস্থা'র কাছ থেকে ৭০ হাজার ডলার বরাদ্দ পেয়েছে। তারপরও আর্থিক সঙ্কট থাকায় সব ক'টি পৌরসভায় পর্যবেক্ষণ চালানো যাচ্ছে না।
কানাডার সংস্থা সিডা, সুইডেনের সিডা, যুক্তরাজ্যের ডিএফআইডি এবং ডেনমার্ক, নরওয়ে ও অস্ট্রেলিয়া দূতাবাস নির্বাচন পর্যবেক্ষণের কাজে ইডব্লিউজিকে অর্থ দিচ্ছে। এ কাজের সমন্বয় করছে এশিয়া ফাউন্ডেশন।
ইডব্লিউজি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়া ফাউন্ডেশনের জেরম সিয়ার, বিসিডিজেসি'র নাঈমুল ইসলাম খান, ফেমা'র মুনিরা খানম, আইইডি'র নোমান আহমেদ খান, জানিপপ'র নাজমুল আহসান কলিমুল্লাহ, ডেমোক্রেসি ওয়াচের তালেয়া রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১২০ ঘ.
bdnews24