ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি সম্পদ উপদেষ্টা সিএস করিম বলেছেন, অভিন্ন নদীর পানি সমস্যার সমাধানে সকলকে আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে এগুতে হবে।
আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে অববাহিকার সব দেশ এগুতে পারলে এ অঞ্চল সম্পদশালী এলাকায় পরিণত হবে বলে আশাবাদ প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন 'টাচিং সোল্স' এবং ওয়াটার রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক ফেলোশিপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন।
পানি সম্পদ উপদেষ্টা বলেন, আঞ্চলিক সহযোগিতা কার্যকর করতে বাংলাদেশ এ অঞ্চলের দেশগুলোর সাথে সংলাপের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেবে।
তিনি পানি বন্টন সমস্যার সমাধানের চেষ্টার পাশাপাশি সীমান্ত নদী ভাঙনের সমস্যাও আঞ্চলিক আলোচনার মাধ্যমে সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে তিনি বাংলাদেশের অভ্যন্তরের নদীগুলো বাঁচিয়ে রাখার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
ওয়াটার পার্টনারশীপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিক পানি নিয়ে ভারতীয় প্রচার মাধ্যমের প্রচারণার ব্যাপারে বাংলাদেশের গণমাধ্যমকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। বাংলাদেশে এই পানির প্রাপ্যতা শুধু বর্ষা মৌসুমে থাকে উল্লেখ করে তিনি ভারতের বিরুদ্ধে এ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ করেন।
অনুষ্ঠানে পানি বিষয়ক প্রতিবেদনের জন্য চারজন সাংবাদিককে ফেলোশিপ দেওয়া হয়। ফেলোশিপপ্রাপ্তরা হলেন- আব্দুর রহমান খান (সাপ্তাহিক হলিডে), সরকার শরীফুল ইসলাম (ইন্ডিপেন্ডেন্ট), সৈয়দ মাহবুব মোর্শেদ (নয়া দিগন্ত) ও হেলিমুল আলম বিপ্লব (ডেইলি স্টার)।
ওয়াটার রিপোর্টার্স ফোরামের সভাপতি সাখাওয়াত হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিয়া, যৌথ নদী কমিশনের (জেআরসি) সদস্য তৌহিদুল আনোয়ার খান ও মীর সাজ্জাদ হোসেন, নিউ নেশনের সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, টাচিং সোল্স এর প্রধান উপদেষ্টা সৈয়দ টিপু সুলতান এবং ফোরামের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯৫৯ঘ.
bdnews24