ঢাকা, জুলাই, ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বাদ পড়া ১০ বিচারপতিকে স্থায়ী নিয়োগ দিতে হাইকোর্টের রায় স্থগিত করার জন্য সরকার সুপ্রিম কোর্টে আপিল আবেদন দায়ের করেছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তাদের বাদ দেওয়া হয়।
বৃহস্পতিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় সরকারের পক্ষে অ্যাডভোকেট খালেকুজ্জামান এই আপিল আবেদন দায়ের করেন। আগামী রোববার এর ওপর শুনানি হতে পারে।
বিগত চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে হাইকোর্ট গত ১৭ জুলাই এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগ দেওয়ার জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল।
হাইকোর্ট তার রায়ে বিচারপতি আব্দুস সালাম, মমতাজ উদ্দিন আহমেদ, সামসুল হুদা, ফারুক আহমেদ, মরযি উল হক, আব্দুর রাজ্জাক, হাসান ফয়েজ সিদ্দিকী, এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আবদুল হাই ও নিজামুল হক নাসিমকে স্থায়ীভাবে নিয়োগের নির্দেশ দেয়।
পাশাপাশি এই ১০ বিচারপতিকে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগের সময় থেকে জ্যেষ্ঠতা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৮২০ঘ.
bdnews24