২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী ও মুন্সীগঞ্জে দুটি হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড

রাজশাহী ও মুন্সীগঞ্জে দুইটি হত্যা মামলার রায়ে বুধবার মোট সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 04:53 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী ও মুন্সীগঞ্জে দুইটি হত্যা মামলার রায়ে বুধবার মোট সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে মা ও মেয়েকে হত্যার দায়ে চার আসামিকে বুধবার মৃত্যুদণ্ড দিয়েছে রাজশাহী বিভাগীয় দ্রুত বিচার আদালত। দুপুরে বিচারক এ টি এম মেসবাহউদ্দৌলা এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- গোদাগাড়ী থানার যৌবন ধোয়াপাড়া গ্রামের তরিকুল ইসলাম, ইসমাইল হোসেন, মোক্তার হোসেন ও সোনারুদ্দিন। আসামিদের মধ্যে মোক্তার পলাতক। রায়ের সময় বাকিরা আদালতে হাজির ছিল। মামলার বিবরণে জানা যায়, আসামিরা ২০০৬ সালের ২০ অক্টোবর রাতে সৌদি আরব প্রবাসী বজলুর রহমানের স্ত্রী রোকসানা মিলিয়ারা ওরফে মিলুকে (৩৩) ধর্ষণ করে। এ ঘটনা দেখে ফেলায় তারা মিলিয়ারার ৯ বছরের মেয়ে পারভীন আরা শাবনুর এবং মিলিয়ারাকে জবাই করে হত্যা করে। পরদিন মিলিয়ারার বাবা রফিকুল ইসলাম গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ২৭ ফেব্র"য়ারি উপ-পরিদর্শক নজরুল ইসলাম চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেন। গত ৪ মার্চ মামলাটি রাজশাহীর দ্রুত বিচার আদালতে স্থানান্তরিত হয়। ১৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত বুধবার রায় ঘোষণা করে। মুন্সীগঞ্জ: ব্যবসায়ী মোবারক হত্যা মামলার রায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার বিকাল ঢাকাস্থ দ্রুত বিচার আদালত-৩ এর বিচারক মো. নুরুল হুদা আদালতে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- ফরিদপুরের জাহাঙ্গীর আলম খোকন, মুন্সীগঞ্জের রনছ গ্রামের রাশিদুল ইসলাম সাগর এবং রাজবাড়ির গোয়ালন্দ থানার কাইয়ুম। আসামিদের মধ্যে কাইয়ুম পলাতক। অপর দুইজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। গত বছরের ১১ এপ্রিল মুন্সীগঞ্জের মুক্তারপুর ফেরিঘাটের উত্তর প্রান্তের তেলের দোকান থেকে মোবারক সরকার নিখোঁজ হয়। দুই দিন পর ১৩ এপ্রিল শ্রীনগর উপজেলার তন্তরের পাড়াগাঁও গ্রামের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার পর মোবারকের চাচা আব্দুল আজিজ সরকার বাদি হয়ে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে এই মামলাটি ঢাকার দ্রুত বিচার আদালতে স্থানান্তর করা হয়। আসামি জাহাঙ্গীর হত্যার ঘটনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। ৩০ জন স্বাক্ষীর মধ্যে ২৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এই রায় দেয়। বাদি পক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আলহাজ মো. শহিদুল ইসলাম সরদার। আসামী পক্ষে ছিলেন এ্যাডভোকেট আমিনুল গনি টিটু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ