নাটোর, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাহিদা অনুযায়ী সার দিতে না পারায় নাটোরের লালপুর উপজেলার কদমচিলান বাজারে বুধবার বিক্ষুব্ধ জনতার পিটুনির শিকার হয়েছেন এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
লালপুর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক মকবুল হোসেন জানান, প্রায় তিনশ' কৃষক দুপুরে সার নিতে কদমচিলান বাজারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার শাহীন হোসেনের দোকানে আসে। এ সময় সার বণ্টনের দায়িত্বে ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার সরকার।
মকবুল জানান, ওই কর্মকর্তা কৃষকদের চাহিদা অনুযায়ী সারের অনুমতিপত্র (স্লিপ) দিতে না পারলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে তারা ওই কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে বাজারের ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে।
উপ-পরিদর্শক মকবুল জানান, কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার সরকারি কাজে বাধা দান ও মারধরের অভিযোগ এনে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানসহ আট জনের বিরুদ্ধে একটি মামলা করেছেন।
অশ্বিনী কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি সার বিতরণের জন্যই বাজারে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় চেয়ারম্যানের ইন্ধনে লোকজন নিয়মের বাইরে সার দাবি করলে আমি তাতে অস্বীকার করি। এতে আমাকে তারা মারধোর করে।"
কদমচিলান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, "ওই সময় আমি ঘটনাস্থলেই উপস্থিত ছিলাম না। সাধারণ মানুষ অন্যায়ের প্রতিবাদ করেছে বলে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।"
স্থানীয় কৃষক কোরবান আলী অভিযোগ করেন, কৃষি কর্মকর্তা ডিলারের সঙ্গে আঁতাত করে এ এলাকার জন্য বরাদ্দ সার অন্যত্র পাচার করে দিচ্ছেন। এ কারণে কদমচিলানের কৃষকরা পর্যাপ্ত সার পাচ্ছেন না।
লালপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম বলেন, প্রশাসনিকভাবে এসব অভিযোগের তদন্ত করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/২০৫৬ ঘ.
bdnews24