২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমের প্যারোলে মুক্তি শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায়: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদনটি বর্তমানে সরকারের শীর্ষ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2008, 02:15 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের চিকিৎসার জন্য প্যারোলে মুক্তির আবেদনটি বর্তমানে সরকারের শীর্ষ পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। নাসিমের পরিবারের সদস্যরা বুধবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করে প্যারোল আবেদনের সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা তাদের এ কথা বলেন। সাক্ষাৎকারীদের মধ্যে ছিলেন মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়, ভাই রেজাউল করিম এবং বোন শিরিন হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয় জানান, তারা অসুস্থ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন। তারা জানান, আওয়ামী লীগ নেতার শরীরের একটি অংশ দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে। যত দ্রুত সম্ভব চিকিৎসার জন্য বিদেশে নেওয়া যায়, ততই তার জন্য ভাল বলে অভিমত দেন তারা। উপদেষ্টা 'শীর্ষ পর্যায়ের অনুমোদন' পাওয়া গেলে যত দ্রুত সম্ভব নাসিমকে প্যারোলে মুক্তির আশ্বাস দেন। জয় জানান, সরকার নিয়মিত মোহাম্মদ নাসিমের অবস্থার খোঁজখবর রাখছে বলে উপদেষ্টা তাকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০০৮ঘ.