ঢাকা, জুলাই, ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--পনের আগস্টকে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণার আর্জি জানিয়ে হাইকোর্টে দায়ের করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি শেষ হয়েছে। বুধবার রায় দেওয়া হবে।
মঙ্গলবার বিচারপতি মো. আবদুর রশিদ ও বিচারপতি আশফাকুল ইসলামের বেঞ্চ চূড়ান্ত শুনানি গ্রহণ করে রায়ের দিন ধার্য করেন।
শুনানিতে রিটকারিদের পক্ষে অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক বলেন, বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনন্য অবদানের জন্য ১৯৯৬ সালে সরকার তার মৃত্যুদিবস পনের আগস্টকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। দিবসটি সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। কিন্তু ২০০২ সালের ৮ আগস্ট বিএনপি নেতৃত্বাধীন সরকার জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল করে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর অবদানসহ সঠিক ইতিহাস তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে পনের আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিলের বিএনপি সরকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা প্রয়োজন।
মোজাম্মেল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। বাংলাদেশ সৃষ্টিতে বঙ্গবন্ধুর অনবদ্য ভূমিকার কারণে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনের জন্য জাতি দায়বদ্ধ।
সুপ্রিম কোর্টের আইনজীবী ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক, অ্যাডভোকেট মোল্লা আবু কায়সার ও এম এ মালেক গত বছর ৫ আগস্ট জনস্বার্থে এ রিট আবেদনটি করেছিলেন। এটি দায়েরের পর দিন হাইকোর্ট পনের আগস্টকে কেন জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর জন্য সরকারের প্রতি রুল জারি করেছিল। একইসঙ্গে পনের আগস্ট জাতীয় শোক দিবস ও ছুটি বাতিল কেন অবৈধ ঘোষণা করা হবে না তারও ব্যাখ্যা চেয়েছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমএইচবি/১৯৪৫ ঘ.
bdnews24