২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাদ পরা বিচারপতি মামুনকে কেন স্থায়ী নিয়োগ নয় জানাতে রুল

হাইকোর্টের বাদ পরা অতিরিক্ত বিচারপতি আবদুস সালাম মামুনকে স্থায়ী বিচারপতি নিয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ রাষ্ট্রপতি ও সরকারের কাছে জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2008, 01:20 PM

Updated : 26 Aug 2022, 02:09 PM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাইকোর্টের বাদ পরা অতিরিক্ত বিচারপতি আবদুস সালাম মামুনকে স্থায়ী বিচারপতি নিয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না- তার কারণ রাষ্ট্রপতি ও সরকারের কাছে জানতে চেয়েছে আদালত। একইসঙ্গে বিচারপতি মামুনকে স্থায়ী বিচারপতি নিয়োগ না করা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার কারণও জানাতে বলেছে হাইকোর্ট। স্থায়ী নিয়োগ না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি আবদুস সালাম মামুনের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমদের বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেয়। রাষ্ট্রপতি ও আইন সচিবকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। বিএনপি জামায়াত জোট সরকারের সময় ২০০২ সালের ২৯ জুলাই বিচারপতি আবদুস সালাম মামুনসহ ১১ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হয়। এরপর ২০০৪ সালের ২৮ জুলাই তাদের মধ্যে ১০ জনকে হাইকোর্টের স্থায়ী বিচারপতি করা হলেও অতিরিক্ত বিচারপতি মামুনের মেয়াদ আরো ছয় মাস বাড়ানো হয়। রিট আবেদনের শুনানিতে বিচারপতি মামুনের পক্ষে ব্যারিস্টার মাসুদ রেজা সোবহান বলেন, 'দুই বছর যোগ্যতার সঙ্গে দায়িত্বপালনের পরও অতিরিক্ত বিচারপতি মামুনকে স্থায়ী করা হয়নি। আরো ছয় মাসের জন্য তাকে অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেওয়া হলে তিনি শপথ নিতে রাজি ছিলেন না। কিন্তু স্থায়ী বিচারপতি করা হবে- তৎকালীন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের এমন প্রতিশ্র"তির পরিপ্রেক্ষিতে শপথ নেন বিচারপতি মামুন। অথচ ২০০৫ সালের ২৭ জানুয়ারি তাকে বাদ দেওয়া হয়।" শুনানিতে তিনি আরো বলেন, "বিচারপতি আবদুস সালাম মামুনকে স্থায়ী নিয়োগ না দেওয়ার কোনো কারণ ছিল না। তার বিরুদ্ধে সরকারের কাছে কোনো নেতিবাচক নথি ছিল না।" এর আগে গত ১৭ জুলাই চারদলীয় জোট সরকারের আমলে বাদ পড়া ১০ বিচারপতিকে এক মাসের মধ্যে স্থায়ী নিয়োগের জন্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএইচবি/১৯১৬ ঘ.