২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৩ অক্টোবর ৩০০ উপজেলায় নির্বাচনের পরিকল্পনা

আগামী ২৩ অক্টোবর ৩০০ উপজেলা পরিষদে নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ২৩ অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছি। তবে এটা কোনো চূড়ান্ত দিনক্ষণ নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2008, 04:08 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৩ অক্টোবর ৩০০ উপজেলা পরিষদে নির্বাচনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ২৩ অক্টোবর উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা ভাবছি। তবে এটা কোনো চূড়ান্ত দিনক্ষণ নয়।" বিবিসি রেডিও সোমবার জানায়, ৩০০ উপজেলায় ২৩ অক্টোবর নির্বাচন করবে কমিশন। নিয়ম অনুযায়ী নির্বাচনের আগে সেপ্টেম্বরেই তারিখ ঘোষণা করা হবে। এর আগে গত ৩ জুলাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানান, অক্টোবরের প্রথম সপ্তাহে দেশের ২৫০ থেকে ৩০০টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করছে কমিশন। গত ৩০ জুন স্থানীয় সরকার (উপজেলা পরিষদ) অধ্যাদেশ, ২০০৮ এর গেজেট প্রকাশ করা হয়। এর আগে ১৫ জুন উপদেষ্টা পরিষদ এতে চূড়ান্ত অনুমোদন দেয়। অধ্যাদেশে বলা হয়েছে, উপজেলা পরিষদের জন্য একজন চেয়ারম্যান ও দুজন ভাইস চেয়ারম্যান (যার একজন হবেন নারী) প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। এছাড়া সংশ্লিষ্ট উপজেলার ইউনিয়ন পরিষদগুলোর নির্বাচিত চেয়ারম্যান এবং পৌরসভার (যদি থাকে) মেয়র ও সংরক্ষিত আসনের মহিলা সদস্যরা পদাধিকার বলে উপজেলা পরিষদের সদস্য হবেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচনের আয়োজন, পরিচালনা ও সম্পাদন করবে নির্বাচন কমিশন। পরিষদের মেয়াদ হবে পাঁচ বছর। নির্বাচন কমিশনে পাঠানো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে উপজেলা পরিষদের সংখ্যা মোট ৪৮২টি। কমিশন বা সরকার চাইলেও আওয়ামী লীগ, বিএনপিসহ বেশিরভাগ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে উপজেলা নির্বাচন করার বিরোধিতা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এডি/জেকে/এসএনডি/২২১৪ ঘ.