ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ডে (বিটিটিবি) আর্থিক দুর্নীতি ও অনিয়মের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
প্রাথমিক তদন্তে প্রতিষ্ঠানটির তিনটি খাতে এখন পর্যন্ত ৫০ কোটি টাকারও বেশি দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
কমিশনের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সোমবার সংস্থার মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
জুলাইয়ের শুরুতে বিলুপ্ত বিটিটিবি'র নতুন যাত্রা শুরু হয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নামে।
হানিফ ইকবাল বলেন, "বিটিটিবিতে যাতায়াত ভাতা, গাড়ি মেরামত ও জ্বালানি খাতে দুর্নীতি ও অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। ওইসব খাতে প্রায় ৫০ কোটি টাকার দুর্নীতি হয়েছে।"
তিনি জানান, যাতায়াত ভাতা খাতে ২০০৫-২০০৬, ২০০৬-২০০৭ এবং ২০০৭-২০০৮ অর্থবছরে পাঁচ কোটি ৯৭ লাখ ৭২ হাজার টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে।
গাড়ি মেরামত খাতে ২০০০-২০০১ অর্থবছর হতে পরের অর্থবছরগুলোতে মোট ৩০ কোটি ৩২ লাখ টাকার দুর্নীতি হয়েছে।
তিনি আরো জানান, ওই আট অর্থবছরে জ্বালানি খাতের বরাদ্দ ১৩ কোটি ৭ লাখ ৩৮ হাজার টাকার বেশিরভাগ অংশ দুর্নীতির মাধ্যমে বেহাত হয়েছে ।
হানিফ ইকবাল বলেন, "প্রতিষ্ঠানটির জন্য ২৭টি গাড়ি রাখার অনুমোদন থাকলেও ব্যবহার করা হয়েছে ১০৪টি গাড়ি। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে প্রতিটি গাড়িতে আট লাখ টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। এতে সরকারের ক্ষতি হয়েছে আরো প্রায় সাড়ে আট কোটি টাকা।"
বিটিটিবির দুর্নীতির তদন্ত অব্যাহত বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এমএইচবি/২১০৮ ঘ.
bdnews24