ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা প্রত্যাহার এবং খালেদা জিয়াকে মুক্তি দিয়ে 'নির্বাচনের পরিবেশ তৈরির' দাবি পূনর্ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। একই সঙ্গে তিনি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ বাদ দিয়ে পুরনো সীমানায় নির্বাচন অনুষ্ঠানের দাবিও জানিয়েছেন।
দলের অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে শনিবার এক যৌথসভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ দাবি তুলে ধরেন।
বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমানকে বিদেশে পাঠানোর দাবি জানিয়ে খোন্দকার দেলোয়ার বলেন, ''তারেক মুমূর্ষু অবস্থায় আছেন। তাকে দ্রুত মুক্তি দেওয়া উচিত।"
সর্বাগ্রে সংসদ নির্বাচন আবারও দাবি করে তিনি বলেন, ''আমরা অক্টোবরের মধ্যে সংসদ নির্বাচন চাই। এ নির্বাচনের লক্ষ্যে সরকারের এখনই কাজ শুরু করা উচিত। আমরা সবার অংশ গ্রহণে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।''
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের নীতিগত অনুমোদন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ''সংসদকে পাশ কাটিয়ে এভাবে আইন প্রণয়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।"
সংসদ ভবনের ন্যাম ফ্ল্যাটের বাসায় দেলোয়ারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের সহ-সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, যুগ্ম মহাসচিব সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, অধ্যাপক আবদুল মান্নান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদসহ অঙ্গসংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/২০৫৩ ঘ.
bdnews24