ঢাকা,জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মীরপুরের পাইকপাড়া এলাকা থেকে সোমবার পুলিশ হত্যাকাণ্ডের শিকার একজনের লাশ উদ্ধার করেছে। সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর রাস্তায় ফেলে যায় বলে ধারণা করছে পুলিশ।
নিহত দেলোয়ার হোসেন (৩৮) ট্রবা বায়িং হাউজ নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বাগেরহাট জেলার বাসিন্দা দেলোয়ার পরিবার নিয়ে মীরপুর দুই নাম্বারের 'এ' ব্লকে থাকতেন।
মীরপুর থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রোববার গভীর রাতে পাইকপাড়া স্টাফ কোয়ার্টার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে দেলোয়ারের লাশ উদ্ধার করা হয়। অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ রাস্তায় ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।
এ ঘটনায় নিহতের স্ত্রী সালমা হোসেন বাদি হয়ে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীদের আসামি করে একটি মামলা করেছেন।
এজাহারের উদ্ধৃতি দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ইমদাদুল হক জানান, দেলোয়ার হোসেন রোববার সকাল সাড়ে ১০টার দিকে দাপ্তরিক কাজে সাভার যান। কাজ শেষে ফেরার পথে তিনি সর্বশেষ রাত ৮টার দিকে মোবাইলে স্ত্রীর সঙ্গে কথা বলেন। রাত পৌনে ১০টা পর্যন্ত বাসায় না ফেরায় স্ত্রী মোবাইলে ফোন করলে তা বন্ধ পান।
সালমা হোসেন এজাহারে অভিযোগ করেছেন, সন্ত্রাসীরা পূবর্ পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেছে।
ময়না তদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/টিএইচ/এসকে/১৯৩১ঘ.
bdnews24