মুক্তাদীর আহমদ
সিলেট প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
সিলেট, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়ার সময় এখনও আসেনি বলে মনে করছে সরকার।
সোমবার সিলেটে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, জরুরি অবস্থা পুরোপুরি তুলে নেওয়ার সময় এখনও আসেনি। জরুরি অবস্থা শিথিল করে স্থানীয় নির্বাচন হচ্ছে। এর মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উপদেষ্টা পরিষদের বৈঠকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল অধ্যাদেশ-২০০৮ নীতিগতভাবে এবং বাংলাদেশ ইপিজেড শ্রমিক সংঘ/শিল্প সংঘ সম্পর্ক সংশোধনী অধ্যাদেশ-২০০৮ চূড়ান্ত অনুমোদন হয়েছে বলে প্রধান উপদেষ্টা জানান।
এছাড়া চা শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের আশ্বাস দিয়ে তিনি বলেন, "চা শ্রমিকদের জন্য একটি ওয়েজ বোর্ড গঠন করা হবে। চা শ্রমিকদের জন্য শুধু দৈনিক মজুরিটাই মুখ্য নয়, তাদের সামগ্রিক জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে।"
স্বেছায় অপরাধ স্বীকার করে ক্ষমার সুযোগ গ্রহণে গঠিত ট্রুথ কমিশন শিগগিরই কাজ শুরু করবে বলে জানান প্রধান উপদেষ্টা। দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান থেকে সরকার পিছু হটেনি বলে তিনি দাবি করেন। সংলাপে সবার মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদের একটি রূপরেখা প্রকাশ করা হবেও বলে জানান তিনি।
জরুরি অবস্থা কবে নাগাদ তুলে নেওয়া হবে- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, "জরুরি আইন একটি বিশেষ পরিস্থিতিতে জারি করা হয়েছিল। এটা পুরোপুরি তুলে নেওয়ার সময় এখনও আসেনি। জরুরি অবস্থা শিথিল করে স্থানীয় নির্বাচন হচ্ছে। এর মূল্যায়ন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
"ভবিষ্যতই বলে দেবে কী হবে"- মন্তব্য করেন তিনি।
নির্বাচনী প্রচারণার সুবিধার্থে রাজনৈতিক দলগুলো অবিলম্বে জরুরি অবস্থা তুলে নেওয়ার দাবি জানাচ্ছে। নাগরিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুশীল সমাজ ও মানবাধিকার সংগঠনগুলোও এ দাবিতে কণ্ঠ মিলিয়েছে।
উপজেলা নির্বাচনের বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান উপদেষ্টা বলেন, "এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। তারা বেশ কিছু স্থানে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। সামগ্রিকভাবে সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।"
স্থানীয় নির্বাচনে বিভিন্ন মামলায় অভিযুক্তদের প্রার্থিতার বিষয়ে প্রশ্ন করা হলে ফখরুদ্দীন আহমদ বলেন, "আইনগতভাবে কারা যোগ্য-কারা অযোগ্য; তার বিধান রাখা হয়েছে। আইনের মাপকাঠির বিচারেই অনেকে প্রার্থী হয়েছেন। প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও এখানে সরকারের কিছু করার নেই। জনগণ সঠিকভাবে ভোট দিয়ে এর বিচার করবে।"
তিনি বলেন, "সরকারের দায়িত্ব ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন সেই পরিবেশ তৈরি করা। আমরা অবশ্যই সেই পরিবেশ তৈরি করবো।"
ট্রুথ কমিশনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, "কয়েক সপ্তাহের মধ্যে কমিশনের কাজ শুরু হবে।"
সংস্কার নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, "কিছু কিছু সংস্কারের জন্য সংবিধান সংস্কারের প্রশ্ন জড়িত। সত্যি সত্যি যদি জনগণের কাছ থেকে এমন দাবি ওঠে- তবে পরবর্তীতে সংবিধান কমিশন গঠন করে সংস্কার করা যেতে পারে।"
সরকার দুর্নীতি দমনের লক্ষ্য থেকে সরে আসেনি দাবি করে প্রধান উপদেষ্টা বলেন, "যারা অভিযুক্ত হয়েছেন, তাদের আইনের আওতায় আনা হয়েছে। কেউ কেউ সাজা পেয়েছেন, কারও কারও মামলা বিচারাধীন ও অনেকের অভিযোগ তদন্তাধীন। আইনের ভেতর থেকেই সব বিচার হবে। আইনি প্রক্রিয়া বন্ধ হয়নি, চলছে। কোনও কোনও ক্ষেত্রে মানবিক ও আইনি প্রক্রিয়ায় কিছু সিদ্ধান্ত হয়েছে, কিন্তু কোনোভাবেই আমরা দুর্নীতি দমন প্রক্রিয়া থেকে বিচ্যুত হইনি।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হবে কি না- সাংবাদিকরা তা জানতে চাইলে প্রধান উপদেষ্টা বলেন, "আইনগতভাবে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।"
ফখরুদ্দীন আহমদ বলেন, "রাজনৈতিক দল সরকারের প্রতিপক্ষ নয়। অনেকেই বলছেন, রাজনৈতিক দলের সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়া একটা পদ্ধতির ভেতর দিয়ে এগুচ্ছে। গণপ্রতিনিধিত্ব আইন কার্যকর হলে মৌলিক পরিবর্তন সাধিত হবে।"
'জাতীয় সনদ' নামে আলোচিত দেশ পরিচালনার ঐকমত্যভিত্তিক মূল নীতিমালা তৈরি করা হবে কী না প্রশ্ন করা হলে প্রধান উপদেষ্টা বলেন, "এ বিষয়ে আমি ঐকমত্যের কথা বলছিলাম। সংলাপ শেষ হলে সবার মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি রূপরেখা প্রকাশের ব্যবস্থা নেওয়া হবে।"
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ফখরুদ্দীন আহমদ বলেন, "যুদ্ধাপরাধীরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে, নির্বাচন কমিশন সে জন্য বিধিনিষেধ জারি করেছে। আইনের মাধ্যমেই যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সুরাহা হবে।"
সভায় নীতিগতভাবে অনুমোদিত ইকোনমিক জোন প্রতিষ্ঠার বিষয়ে তিনি বলেন, "হয়তো আমাদের সময়ে তা বাস্তবায়ন করা যাবে না। এই প্রকল্প বাস্তবায়নে নির্বাচিত সরকারকে উদ্যোগ নিতে হবে।"
সিলেটের উন্নয়নে ১২ দফা প্যাকেজ প্রস্তাব উপদেষ্টা পরিষদের বৈঠকে নীতিগতভাবে অনুমোদিত হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী সংবাদ সম্মেলনে বলেন, "পরবর্তী সময়ে প্রকল্পের মাধ্যমে এগুলো বাস্তবায়ন করা হবে।"
অনুমোদিত প্রস্তাবগুলো হচ্ছে- সিলেটে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) স্থাপন, একটি উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, হাওর এলাকার উন্নয়ন সমন্বয়ের জন্য বিশেষ সেল গঠন, চা শিল্প স
bdnews24