ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোজার সময় চালের দাম নিয়ন্ত্রণে রাখতে সপ্তাহে ছয়দিন খোলা বাজারে চাল বিক্রি (ওএমএস) কর্মসূচি চালু করবে সরকার।
রোজা শুরুর ১০ দিন আগেই এ কর্মসূচি চালু করা হবে বলে জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান।
ওএমএস-এ প্রতি কেজি চালের দাম কত হবে তা এখনো নির্ধারণ করা হয়নি। শিগগিরই মন্ত্রণালয় বৈঠক করে দাম ঠিক করবে।
সোমবার খাদ্য মন্ত্রণালয়ের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব তথ্য জানান।
তিনি বলেন, "প্রধান উপদেষ্টা রমজানের ১০ দিন আগে থেকেই ওএমএস চালুর নির্দেশ দিয়েছেন।"
আগামী ৩ সেপ্টেম্বর থেকে রোজা শুরু হতে পারে।
সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান বলেন, "এবার ওএমএস কর্মসূচি সপ্তাহে ছয়দিন চলবে। জনপ্রতি চাল কিনতে পারবেন তিন কেজি করে। এ সুবিধা পাবেন প্রায় ১২ লাখ ২৪ হাজার মানুষ।"
এর আগে সপ্তাহে তিনদিন ওএমএস কর্মসূচি চলেছে। জনপ্রতি চাল দেওয়া হতো তিন কেজি করে। সেসময় মোট সুবিধাভোগীর সংখ্যা ছিল প্রায় আট লাখ ১২ হাজার।
এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "প্রায় দুই লাখ টন চাল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে। তবে ডিলারের সংখ্যা অপরিবর্তিত থাকবে।"
প্রথমদিকে শহর ছাড়াও শ্রমঘন জেলা, গার্মেন্টস শিল্প এলাকা এবং বস্তিপ্রধান এলাকাগুলো ওএমএস কার্যক্রমের আওতায় থাকবে। প্রতিদিন ৫০টি ট্রাকে করে চাল বিক্রি করা হবে। পর্যায়ক্রমে সারাদেশেই এ কার্যক্রম শুরু করা হবে বলেও জানান সচিব ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/১৫০৬ঘ.
bdnews24