ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাহমুদুল হক ছিলেন তার সময়ের সবচেয়ে প্রতিভাবান ও উজ্জ্বল মানুষ। সদ্যপ্রয়াত মাহমুদুল হক সম্পর্কে বলতে গিয়ে এই একটি কথাই যথেষ্ট বলে মনে করেন তার এক সময়ের আড্ডার সঙ্গী সাংবাদিক মীর ওয়ালীউজ্জামান।
মাহমুদুল হকের মৃত্যুতে ব্যথিত লেখককূল বলছেন, এই মৃত্যুতে বাংলা সাহিত্যে একটি বড় ধরনের শূন্যতা সৃষ্টি হলো।
৬৭ বছর বয়সে রোববার রাতে মারা গেছেন মাহমুদুল হক। সমসাময়িকদের মধ্যে বটু ভাই নামেই পরিচিত তিনি। আড্ডায় প্রচণ্ড সতেজ আসামান্য এই শিল্পী একই সঙ্গে ছিলেন নিভৃত জীবনচারী।
মাহমুদুল হকের মৃত্যুর খবর শোনার পর কথাসাহিত্যিক শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি খুবই প্রতিভাবান লেখক ছিলেন। যেহেতু তিনি মারা গেছেন- তাই ছিলেন বলতে হচ্ছে । তবে তিনি এতই জীবন্ত যে আমি তাকে অতীত বলে ভাবতে পারছি না। বাংলা সাহিত্যের লেখক কবিরা একে একে চলে যাচ্ছেন, এটা অত্যন্ত বেদনাদায়ক।"
মাহমুদুল হকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শওকত আলী তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মাহমুদুল হককে ভালো করে পড়তে এবং জানতে হবে।
ঔপন্যাসিক হাসনাত আবদুল হাই বলেন, "মাহমুদুল হকের সঙ্গে আমার ব্যক্তিগত জানাশোনা ছিল না, কিন্তু তার অনেক লেখা আমি পড়েছি। তিনি অত্যন্ত শক্তিশালী কথাসাহিত্যিক ছিলেন। সংখ্যায় খুব বেশি না লিখলেও লেখার গুণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছিলেন।"
হাসনাত আবদুল হাই বলেন, "তিনি (মাহমুদুল হক) ভাষা ব্যবহারে দক্ষতার পরিচয় দিয়েছিলেন এবং উপন্যাস লেখার জন্য নিজের ভাষা তৈরী করেছিলেন। তার উপন্যাসের বিষয়গুলো ছিল বাস্তব এবং সমসাময়িক জীবনের সঙ্গে সম্পৃক্ত। মাহমুদুল হকের উপন্যাসে একটা বক্তব্য থাকতো, যার জন্য তার লেখার আবেদন ছিল প্রত্যক্ষ। যারা সৎ সাহিত্য বিশেষ করে বাস্তববাদী উপন্যাস ভালবাসেন তাদের কাছে মাহমুদুল হকের উপন্যাস ছিল অবশ্য পাঠ্য।"
মাহমুদুল হকের এক সময়ের আড্ডার সঙ্গী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রদায়ক সম্পাদক মীর ওয়ালীউজ্জামান বলেন, "যখন তিনি লিখতেন সেই সময়ে তিনি ছিলেন সবচেয়ে প্রতিভাবান ব্যক্তি এবং উজ্জ্বল মানুষ। তার সম্পর্কে এ টুকু বলার পর আর কি কিছু বলার থাকে? বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তার এলিফ্যান্ট রোডের আমাদের ঘণ্টার পর ঘণ্টা আড্ডা চলতো; নাওয়া খাওয়া হতো সেখানেই।"
প্রকাশক মফিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বটু ভাইয়ের মৃত্যু আমাদের মর্মাহত করেছে। অসাধারণ ভাষাশৈলী আয়ত্ত করে তিনি মানুষের জীবন ও মমত্ববোধকে লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। আমি তার প্রায় সবগুলো প্রকাশনার সঙ্গে জড়িত ছিলাম। তার গল্পগুলোতে এত চিন্তার সমাবেশ ছিল, যা সবার পক্ষে অনুধাবন করা সম্ভব ছিল না।"
মফিদুল হক মনে করেন, বাংলা সাহিত্যে ভাষা শৈলীর যে ভিন্ন ধারা মাহমুদুল হক তৈরি করে গেছেন তার মধ্য দিয়েই তিনি সদা অস্তিত্বশীল থাকবেন।
জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের তরুণ গবেষক ড. সরকার আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমসাময়িককালে মাহমুদুল হকের মতো কথাশিল্পী আর নেই। তিনি সত্যিকার অর্থে মানুষের অন্তর্গত সম্ভাবনাকে ভাষা শৈলীর মাধ্যমে সহজভাবে তুলে ধরেছেন। তৈরি করেছেন ভিন্নধারার লেখা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমডি/আরএ/এমআই/জিএনএ/১৩৫০ ঘ.
bdnews24