২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে রুট পারমিটধারী সব বাস রাস্তায় নামানোর নির্দেশ

চট্টগাম মহানগরীর বিভিন্ন রুটে মোট ৮৪০টি বাসের চলাচলের পারমিট থাকলেও চলাচল করছে মাত্র ৩৭০টি। এ কারণে সৃষ্ট পরিবহন সঙ্কট কাটাতে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) রোববার রুট পারমিটধারী সব বাস ও অন্যান্য যানবাহন আগামী সাত দিনের মধ্যে রাস্তায় নামানোর নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 05:39 PM

Updated : 26 Aug 2022, 02:08 PM

চট্টগ্রাম, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগাম মহানগরীর বিভিন্ন রুটে মোট ৮৪০টি বাসের চলাচলের পারমিট থাকলেও চলাচল করছে মাত্র ৩৭০টি। এ কারণে সৃষ্ট পরিবহন সঙ্কট কাটাতে আঞ্চলিক পরিবহন কমিটি (আরটিসি) রোববার রুট পারমিটধারী সব বাস ও অন্যান্য যানবাহন আগামী সাত দিনের মধ্যে রাস্তায় নামানোর নির্দেশ দিয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয় মিলনায়তনে চট্টগ্রাম আঞ্চলিক পরিবহন কমিটির এক সভা থেকে এ নির্দেশ দেওয়া হয়। মহানগর ট্রাফিক পুলিশের উপ-কমিশনার আবু সুফিয়ান সাংবাদিকদের জানান, রুট পারমিটধারী যেসব গাড়ি সাত দিনের মধ্যে নির্দিষ্ট রুটে চলবে না সেগুলোর মালিকদের নোটিশ দেওয়া হবে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে পারমিট বাতিল করা হবে। তিনি জানান, মহানগরীর ১০টি রুটে চলাচলের জন্য এ পর্যন্ত ৮৪০টি বাসকে পারমিট দেওয়া হয়েছে। কিন্তু চলাচল করছে মাত্র ৩৭০টি। গুরুত্বপূর্ণ ১০ নম্বর রুটে পারমিটধারী ৯০টি বাসের মধ্যে চলছে ৬০টি। বাকি ৩০টির হদিস নেই। আবু সুফিয়ান জানান, চট্টগ্রামে পারমিটধারী হিউম্যান হলারের সংখ্যা ৪৫৫টি। টেম্পো রয়েছে সহস্রাধিক। কিন্তু বাস-মিনিবাস, হিউম্যানহলার বা টেম্পোগুলো নির্ধারিত রুটে চলাচল করছে না বলে বিস্তর অভিযোগ রয়েছে। পুলিশ কমিশনার এম আকবর আলীর সভাপতিত্বে সভায় ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিআরটিএ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক নেতা ও যৌথবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নগরীতে চলাচলের জন্য রুট পারমিট নেওয়া যানবাহনের একটি বড় অংশ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকদের নিয়মিত পরিবহনের জন্য চুক্তিভিত্তিক ভাড়া দেওয়া হয়েছে। অনেক বাস নগরীর বাইরেও চলাচল করছে। আর কিছু বিকল হয়ে পড়ে আছে। এ কারণে নগরীতে তীব্র যানবাহন সঙ্কট দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে রোববার বৈঠক করে রাস্তায় বাস নামানোর নির্দেশ দিয়েছে আরটিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/এমএইচবি/২৩৩৭ ঘ.