ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দীন আহমেদকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ সংবিধানের ৬৪ অনুচ্ছেদের ক্ষমতাবলে এ নিয়োগ দেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার ইকতেদার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
নিয়োগ পাওয়ার পর সালাউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা একটি দায়িত্বপূর্ণ কাজ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব পালন আগের চেয়ে কঠিন হবে। আমি যথাযথভাবে কাজ করতে পারব কি না, তা সময়ই বলে দেবে।"
সালাহউদ্দীন আহমেদ ১৯৬৯ সালে যুক্তরাজ্যের লন্ডন স্কুল অফ ইকনমিক্স থেকে অর্থনীতিতে স্নাতক (বিএসসি) ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নেন।
১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। ১৯৮০ থেকে '৮৩ সাল পর্যন্ত ছিলেন ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউটে (আইবিএ) সহকারী অধ্যাপক।
তিনি ১৯৭৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি ডিগ্রি নিয়ে ১৯৮০ সালে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮২ সালে হাইকোর্টের আইনজীবী হন। ১৯৮৪ সালে তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এল এল এম ডিগ্রি অর্জন করেন।
সালাহউদ্দীন আহমেদ ২০০৭ সালের ১৩ ফেব্র"য়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান।
১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা সুলতান উদ্দীন আহমেদ ১৯৫৮ সালে পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন।
গত বুধবার ব্যারিস্টার ফিদা এম কামাল পদত্যাগ করায় অ্যাটর্নি জেনারেল পদটি শূন্য হয়। পদত্যাগের কারণ হিসেবে ফিদা এম কামাল সাংবাদিকদের বলেন, 'মর্যাদা নিয়ে কাজ করা সম্ভব না হওয়ায় পদত্যাগ করেছি।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এমএইচবি/২০৪৩ ঘ.
bdnews24