বরিশাল, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলায় ঘটনায় বরিশালে দায়ের করা একটি মামলায় সব আসামিকে খালাস দিয়েছে আদালত।
রোববার ওই মামলার রায় হয়। বরিশাল দ্রুত বিচার আদালতের বিচারক রবিউল হাসান মামলার ১৩ আসামিকেই বেকসুর খালাস দেন।
রায়ের সময় মামলার ৯ আসামি আদালতে হাজির ছিল। বাকিরা পলাতক।
খালাসপ্রাপ্তরা হলেন- গোলাম মোর্শেদ চৌধুরী রেজা, আবু সোলায়মান সুজন, জালাল আরেফিন, মারুফ, জসিম, সাইফুল, আবু ইউসুফ মজুমদার, সোবাহান, গিয়াস, জিয়াউর রহমান জিয়া, জাহিদ বাবু, জহির ও সরোয়ার হোসেন। এদের শেষ চার জন পলাতক।
১৭ আগস্ট জেএমবির সিরিজ বোমা হামলার সময় বরিশাল নগরীর ১২টি পয়েন্টে বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় ১২টি আলাদা মামলা হয়। এর মধ্যে এনিয়ে তিনটির রায় হয়েছে। বাকি নয়টি মামলা দ্রুত বিচার আদালতে বিচারাধীন।
বোমা হামলার ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা পাঁচ নম্বর মামলার রায় হয় রোববার। এ মামলাটি দায়ের করেন কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন। ওই বছরের ২৪ ডিসেম্বর ১৩ আসামির বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মতিউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৪ ঘ.
bdnews24