২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা আসছে

দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা আসছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2008, 08:55 AM

Updated : 26 Aug 2022, 02:08 PM

দিনাজপুর, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে পুরস্কারের ঘোষণা আসছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী। রোববার দিনাজপুরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। দুর্নীতি সমূলে উৎপাটনের চিন্তা আপাতত বাদ দিয়ে অন্তত সহনীয় পর্যায়ে আনতে সবাইকে অঙ্গীকার করার আহ্বান জানান তিনি। হাসান মশহুদ বলেন, "দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে আগামী এক মাসের মধ্যে দেশব্যাপী বিশেষ ক্যাম্পেইন (প্রচারাভিযান) চালানো হবে। বিভিন্ন দপ্তরে উৎকোচ গ্রহীতাদের ধরিয়ে দিলে পুরস্কারও দেওয়া হবে।" সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, "দুর্নীতি সমূলে উৎপাটনের চিন্তা আপাতত থাক। অন্তত সহনীয় পর্যায়ে নিয়ে আসতে স্ব-স্ব অবস্থান থেকে আপনারা অঙ্গীকার করুন।" দুর্নীতির বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিবেদনের সঙ্গে একমত পোষণ করে হাসান মশহুদ বলেন, "বিভিন্ন দপ্তরের দুর্নীতির যে চিত্র এ রিপোর্টে ফুটে উঠেছে, তা আমাদের জন্য সত্যিই লজ্জাকর। এ ধরনের রিপোর্ট যাতে আর না আসে সে লক্ষ্যে এখন থেকে আমাদের সততার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের অঙ্গীকার করতে হবে।" ভূমি অফিসগুলোর গুরুত্ব তুলে ধরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বলেন, "এখানে সাধারণ অসহায় মানুষই বেশি আসে। এই অফিসগুলোতে দুর্নীতির কারণে সবচেয়ে বেশি হয়রানির শিকার হয় সাধারণ মানুষরাই। তাই ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের মানসিকতা পরিবর্তন করে দুর্নীতির বেড়াজাল থেকে বেরিয়ে আসতে হবে।" জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় দিনাজপুর লোকভবনে 'দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ' শীর্ষক ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. নবীউল হক মোল্যা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নওরোজ হাসান তালুকদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। হাসান মশহুদ এরপর দিনাজপুর সরকারি কলেজে দুর্নীতিবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রায় অংশ নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৫১ ঘ.