চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার তালিকাভূক্ত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী ইয়াকুব আলী ডনকে (৩৫) শনিবার সকালে জেলার বোয়ালখালী উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় হত্যা, মাদক ও চাঁদাবাজির ছয়টি মামলা রয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা এলাকা থেকে ডনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর থেকে ডন আত্মগোপনে ছিল। তবে সে মাদক ব্যবসাসহ আড়ালে নানা অপকর্ম করে আসছিল। ডবলমুরিং থানার তালিকায় সন্তাসী হিসেবে তার নাম ১২ নম্বরে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24